২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বিদেশি পর্যটকদের ওপর হামলা

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে বিদেশি পর্যটকদের একটি গাড়িবহরের ওপর হামলা করেছে সন্দেহভাজন জঙ্গিরা। এতে অন্তত ছয়জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2016, 07:32 PM

Updated : 12 Apr 2022, 02:35 AM

আফগান কর্মকর্তারা বিবিসি’কে বলছেন, সেনাবাহিনীর প্রহরায় বিদেশি পর্যটকদের গাড়িবহর হেরাত শহরের দিকে যাওয়ার পথে তাদের ওপর চোরাগোপ্তা হামলা হয়।

হেরাতের গভর্নরের মুখপাত্র জইলানি ফরহাদ বিবিসি কে বলেন, পর্যটকদের মধ্যে আটজন ব্রিটিশ, তিনজন মার্কিন এবং একজন জার্মান নাগরিক। আহত পর্যটকদের হাসপাতালে নেওয়া হয়েছে।

কারা এ হামলার চালিয়েছে তা  জানা যায়নি। তবে তালেবান জঙ্গিরা হামলা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি তালেবান জঙ্গিরা আফগানিস্তানজুড়ে হামলা জোরদার করেছে।

আফগানিস্তানের প্রধান সড়কগুলো বিপজ্জনক। এগুলোতে প্রায়ই জঙ্গি হামলা হয় এবং অপহরণের ঘটনাও ঘটে। হামলায় পর্যটকরা ছাড়াও একজন আফগান গাড়িচালক আহত হয়েছে।

চেশত-ই-শরিফ জেলার এলাকার একটি সড়কে এ হামলা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিক আফগানিস্তানের টোলো নিউজ চ্যানেলে বলেছেন, পর্যটকরা বামিয়ান থেকে গহর হয়ে হেরাতে যাচ্ছিল।

আফগানিস্তানে সহিংস হামলার পরও  প্রতিবছর দেশটিতে কিছু পর্যটক যান। প্রাচীন সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বামিয়ান শহরটি পর্যটকদের বিশেষ পছন্দ।