উত্তর কোরিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্র জাপানের জলসীমায়
প্রথমবারের মতো উত্তর কোরিয়ার ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের জলসীমার ভিতরে বা তার কাছে গিয়ে পড়েছে।
বুধবার সিউলের স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দক্ষিণ হওয়াংহি প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের দপ্তর।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা অমান্য করে গত কয়েকদিনে ফের বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া।
সর্বশেষ ছোঁড়া ক্ষেপণাস্ত্রটির প্রধান অংশ জাপানের বহিঃঅর্থনৈতিক অঞ্চলে গিয়ে পড়েছে বলে এক জাপানি প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ব্যবস্থা বসানোর সিদ্ধান্তে উত্তর-পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগর সংলগ্ন এই অঞ্চলটিতে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। এখন জাপানের উপকূলে বৈরি দেশ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ায় পরিস্থিতি আরো উত্তেজনাকর হয়ে দাঁড়িয়েছে।
জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে ‘গুরুতর হুমকি’ বলে বর্ণনা করেছেন। টোকিও এর ‘প্রবল প্রতিবাদ’ জানিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
দক্ষিণ কোরিয়ার চিফ অব স্টাফের দপ্তরের বিবৃতিতে বলা হয়, “এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে প্রতিবেশী দেশগুলোতে এবং রিপাবলিক অব কোরিয়ার (দক্ষিণ কোরিয়া) বন্দর ও বিমানক্ষেত্রগুলোতে সরাসরি ও ব্যাপক আক্রমণ চালানোর উত্তর কোরীয় অভিলাষ প্রকাশ পেয়েছে।”
উত্তর কোরিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো রোডোং ধরনের মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্র এবং এগুলো সর্বোচ্চ এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে পারবে বলে এই বিবৃতিতে জানানো হয়েছে।
দক্ষিণ কোরীয় বিবৃতিতে একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার কথা বলা হলেও যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ড জানিয়েছে, তারা দুটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, এর একটি উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়।
