২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া উপকূলে ভেসে এসেছে ১২০ লাশ

লিবিয়া উপকূলে গত ১০ দিনে ভেসে এসেছে ১২০টি লাশ। এসব লাশ লিবিয়া থেকে নৌকায় করে ইতালিতে পাড়ি জমানো শরণার্থীদের বলেই মনে করা হচ্ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Aug 2016, 10:08 PM

Updated : 12 Apr 2022, 02:34 AM

অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) মঙ্গলবার একথা জানিয়েছে।

আইওএমের মুখপাত্র জোয়েল মিলম্যান বলেছেন, “আমরা লিবিয়া কর্তৃপক্ষের কাছ থেকে এ খবর পেয়েছি।”

লাশগুলো সাবরাথার কাছ থেকে পাওয়া গেছে। ভূমধ্যসাগরে আগে যেসব জায়গায় নৌকাডুবি হয়েছে সেখান থেকে লাশগুলো আসেনি।

আফ্রিকান শরণার্থীরাই মূলত ইউরোপে ঢুকতে সাগর পাড়ি দেওয়ার অনুপোযোগী নৌকায় করে লিবিয়া থেকে ইতালি যায়।

মধ্য ভূমধ্যসাগর রুটে শুক্রবার থেকে সোমবারের মধ্যে সাগরে প্রায় ৮ হাজার জনকে উদ্ধার করা হয়েছে বলে এক ব্রিফিংয়ে জানিয়েছেন মিলম্যান।

তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার চেয়েও এ পথে সাগর পাড়ি দেওয়া অনেক বেশি বিপদসঙ্কুল। ইউরোপীয় ইউনিয়ন এবং তুরস্কের মধ্যে শরণার্থী চুক্তি হওয়ার পর থেকে এ পথটি অনেকটাই বন্ধ রয়েছে।

আইওএম জানিয়েছে, এ বছর ২৭ জুলাই পর্যন্ত সাগরপথে ইউরোপে ঢুকেছে ২ লাখ ৭৫ হাজারেরও বেশি শরণার্থী। আর মারা গেছে অন্তত ৩ হাজার শরণার্থী।

তাছাড়া এ বছর বিশ্বব্যাপী মারা গেছে ৪ হাজার ২৭ জন অভিবাসী ও শরণার্থী। এর মধ্যে চার ভাগের তিন ভাগই মারা গেছে ভূমধ্যসাগরে।

২০১৫ সালের প্রথম সাত মাসের তুলনায় এ বছরের প্রথম সাত মাসে ডুবে মারা যাওয়া শরণার্থীর সংখ্যা ৩৫ শতাংশ বেড়েছে।