২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে চার্চে আইএস হামলায় যাজক নিহত

ফ্রান্সের উত্তর নরম্যান্ডি অঞ্চলের একটি চার্চে ধারাল অস্ত্রধারীদের হামলায় এক যাজক নিহত এবং অন্য একজন গুরুতর আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2016, 07:57 PM

Updated : 11 Oct 2022, 08:32 PM

পুরনো খবর:

ফ্রান্সে চার্চে জিম্মিকারী দুই ব্যক্তি ‘নিষ্ক্রিয়’

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ‘মর্নিং ম্যাস’ চলার সময়  ছুরি হাতে দুই ব্যক্তি নরম্যান্ডির সেন্ট-এতিয়েন-দ্যু-হুভে শহরের ওই চার্চে ঢুকে পড়ে এবং সেখানে অবস্থান করা ব্যক্তিদের জিম্মিকরে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই হামলাকারীকে গুলি করে হত্যা করে এবং জিম্মিদের উদ্ধার করে।

হামলাকারীরা মোট পাঁচ জনকে জিম্মি করেছিল বলে জানিয়েছে পুলিশ। সেখান থেকে  একজন যাজকের গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত ফাদার জ্যাক এমেলের বয়স ছিল ৮৪ বছর।

মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)   হামলার দায় স্বীকার করেছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ বলেন, “আইএস-এর বিরুদ্ধে যুদ্ধে ফ্রান্সের সর্বশক্তি নিয়োগ করা উচিত।”

মঙ্গলবারের হামলাকে ‘ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা’ হিসাবে বর্ণনা করে তিনি সাংবাদিকদের আরও বলেন, “হামলাকারীরা আইএস-এর অনুগত ছিল।”

“আবারও আমাদের পরীক্ষা নেওয়া হল। এখনও (ফ্রান্সের ওপর সন্ত্রাসী হামলার) ঝুঁকি অত্যন্ত বেশি।’

আইএস সংশ্লিষ্ট আমাক নিউজ এজেন্সির খবরে বলা হয়, “তাদের দুইজন যোদ্ধা নরম্যান্ডির একটি চার্চে হামলা চালিয়েছে।”

ভ্যাটিকান কর্তৃপক্ষ এ হামলাকে ‘বর্বরোচিত হত্যা’ বলে এর কঠোর নিন্দা জানিয়েছে।

প্রসঙ্গত, এর আগে ১৪ জুলাই বৃহস্পতিবার রাতে বাস্তিল দিবস উদযাপন করতে বহু মানুষ ফ্রান্সের নিস শহরে ভূমধ্যসাগর তীরবর্তী বিখ্যাত প্রমেনেদ দেজাঙ্গলে চত্বরে জড়ো হয়েছিল।

Image
ফ্রান্সের সেন্ট-এতিয়েন-দ্যু-হুভে শহরে চার্চে ধারাল অস্ত্রধারীদের হামলায় এক যাজক নিহত হওয়ার পর ঘটনাস্থলে যান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ। ছবি: রয়টার্স

ফ্রান্সের সেন্ট-এতিয়েন-দ্যু-হুভে শহরে চার্চে ধারাল অস্ত্রধারীদের হামলায় এক যাজক নিহত হওয়ার পর ঘটনাস্থলে যান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ। ছবি: রয়টার্স

আতশবাজির প্রদর্শনী শেষ হওয়ার পরপরই স্থানীয় সময় রাত ১১টার দিকে সেই ভিড়ের মধ্যদিয়ে ২৫ টনি ট্রাক চালিয়ে প্রায় দুই কিলোমিটার রাস্তা এগিয়ে যায় ৩১ বছর তিউনিসীয়বংশোদ্ভূত ফরাসি মোহাম্মদ ল্যউইজ-বুলেল নামের এক ব্যক্তি। পুলিশ পরে চালককে গুলি করে হত্যা করে ট্রাকটি থামায়।

এতে ৮৪ জন নিহত হন। আর এরপরই ফ্রান্সে জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়ানো হয়।

গেল বছরের ১৩ নভেম্বর প্যারিসের একটি কনসার্ট হলে ও অন্যান্য স্থানে সন্ত্রাসীরা বোমা ও অস্ত্র নিয়ে হামলা চালানোর ঘটনায় ফ্রান্সে জরুরি অবস্থা জারি করেছিল।

জরুরি অবস্থার মধ্যেই দেশটিতে নতুন করে আবার হামলার এ ঘটনা ঘটল।