২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বন্যপ্রাণী উদ্যানে বাঘের থাবায় নারীর মৃত্যু

চীনের রাজধানী বেইজিংয়ে একটি বন্যপ্রাণী উদ্যানে ঘোরার সময় দুই নারী নিয়ম ভেঙে গাড়ি থেকে বের হওয়ার পর বাঘের হামলায় একজন নিহত এবং অন্যজন গুরুতর আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2016, 08:46 PM

Updated : 12 Apr 2022, 02:30 AM

চীনের গণমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক নারী গাড়ি থেকে বাইরে বের হয়ে সেটার পাশে দাঁড়ায়। প্রায় সঙ্গে সঙ্গেই একটি বাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে নিয়ে যেতে থাকে।

ওই সময় আরেক নারী গাড়ি থেকে লাফিয়ে বের হয়ে প্রথমজনকে সাহায্য করার চেষ্টা করেন। তৎক্ষণাৎ অন্য একটি বাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করে।

গাড়িতে ওই দুই নারীর সঙ্গে এক পুরুষও ছিলেন। তিনি অক্ষত আছেন।

রাজধানী বেইজিংয়ের ‘বাদালিং ওয়াইল্ডলাইফ ওয়ার্ল্ডে’ পর্যটকদের নিজেদের গাড়ি চালিয়ে পার্কের ভেতর ভ্রমণের অনুমতি দেওয়া হয়। যদিও পার্ক কর্তৃপক্ষ পর্যটকদের গাড়ি থেকে বের না হওয়ার বিষয়ে সতর্ক করে।

ভিডিওতে দেখা যায়, ঘটনার কয়েক সেকেন্ডের মধ্যেই পার্ক রেঞ্জাররা ঘটনাস্থলে উপস্থিত হয়। কিন্তু তারা একজন নারীকে বাঁচাতে ব্যর্থ হয়।

ইয়ানকিং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, আহত নারীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আর কোনো তথ্য দেওয়া হয়নি।

পার্ক কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তারা শুধু বলেছে, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে তারা পার্কটি সাময়িকভাবে বন্ধ রেখেছে।