২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের সেনাবাহিনীকে ঢেলে সাজাবেন এরদোয়ান

তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর  সেনাবাহিনীকে ঢেলে সাজানোর অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2016, 07:20 PM

Updated : 12 Apr 2022, 02:30 AM

গত সপ্তাহে তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করলে সরকার সমর্থকদের প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়।

বুধবার দেশটিতে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেন এরদোয়ান।

রাজধানী আঙ্কারায় বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,  “দেশের জনগণ ও বহির্বিশ্বকে নিশ্চিত করে বলতে চাই, তুরস্ক সরকার গণতন্ত্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে না এবং অতীত শাসকদের মতো কঠোর দমন নীতিও গ্রহণ করছে না।”

সরকারের সুপ্রিম মিলিটারি কাউন্সিল সশস্ত্র বাহিনী নতুন করে ঢেলে সাজাবে এবং  বাহিনীতে নতুন লোক নিয়োগ করবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের নেতৃত্বে গড়া সুপ্রিম মিলিটারি কাউন্সিলে প্রতিরক্ষামন্ত্রী এবং সেনা প্রধানও রয়েছেন।

এরদোয়ান বলেন, “প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সবাই একসঙ্গে কাজ করছে। স্বল্প সময়ের মধ্যে নতুন চেহারার সেনাবাহিনীর আত্মপ্রকাশ ঘটবে। পুনর্বিন্যাসের সঙ্গে সঙ্গে সশস্ত্র বাহিনীতে নতুন সদস্যদের আগমন ঘটবে বলেও আমার বিশ্বাস।”

নিজেদের গোয়েন্দা বাহিনীর দুর্বলতার কথা স্বীকার করে এরদোয়ান আরও বলেন, “এটি পরিষ্কার যে, আমাদের গোয়েন্দা তথ্যে উল্লেখযোগ্য পরিমাণ ফাঁক এবং ঘাটতি রয়েছে। এটি লুকানোর চেষ্টা করা বা অস্বীকার করার কোনও কারণ নেই।”

যুক্তরাষ্ট্রে বসবাসকারী তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন তাকে উৎখাতের ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন এরদোয়ান।

১৫ জুলাই রাতে তুরস্কের সেনাবাহিনীর একটি অংশের এরদোয়ানকে উৎখাতের প্রচেষ্টা পরদিন ভোরেই ব্যর্থতায় পর্যবসিত হয়।

তারপর ৬০ হাজারের বেশি সেনা, পুলিশ, বিচারক, সরকারি কর্মী ও শিক্ষককে বরখাস্ত করে এরদোয়ান সরকার।

দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা ও মানবাধিকার নিয়ে পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে।

প্রথমিকভাবে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করা হলেও প্রয়োজনে সময় বাড়াতে কোনও অসুবিধা নেই বলে জানান এরদোয়ান।

যদিও এরই মধ্যে এরদোয়ান সরকারের ধরপাকড় নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে।

জরুরি অবস্থার মধ্যে সরকার চাইলে অভ্যুত্থান সমর্থকদের বিরুদ্ধে দ্রুত যে কোনও ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

এছাড়া, এ সময় প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা চাইলে সংসদকে অগ্রাহ্য করে নতুন আইন প্রবর্তন করতে এবং যে কোনও প্রতিষ্ঠান বা ব্যক্তির অধিকার ও স্বাধীনতা সীমিত বা হরণ করতে পারবে।

অভ্যুত্থান এবং পরবর্তী প্রতিরোধ ব্যবস্থায় এরই মধ্যে প্রায় আড়াইশ’ মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছে দুই হাজারের বেশি।

জার্মান সরকার তুরস্ককে দ্রুত জরুরি অবস্থা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে।