তুরস্কে দমনাভিযানের শিকার ৫০ হাজার ছাড়িয়েছে
তুরস্কে গত সপ্তাহের ব্যর্থ সেনা অভ্যুত্থান প্রচেষ্টার পর সরকারের ব্যাপক দমনাভিযানে ৫০ হাজারেরও বেশি মানুষ আটক, পদচ্যুত বা বরখাস্ত হয়েছে।
প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান বিরোধীদের ওপর দমনাভিযান মঙ্গলবার আরও জোরদার হয়েছে। এর শিকার হয়েছে শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের ডিন এবং গণমাধ্যমও।
তুরস্কের গণমাধ্যম জানিয়েছে, ১৫,২০০ শিক্ষক এবং শিক্ষায় জড়িত অন্যান্য কর্মচারি বরখাস্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১,৫৭৭ জন ডিনকে পদত্যাগ করতে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ৮ হাজার ৭৭৭ জন কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। অর্থমন্ত্রণালয়ের ১৫শ’ স্টাফকে বরখাস্ত করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ২৭৫ জন বরখাস্ত হয়েছে।
তুরস্কের গণমাধ্যম পরিচালনাকরী পর্ষদ মঙ্গলবার ২৪ টি বেতার এবং টিভি চ্যানেলের লাইসেন্স বাতিল করেছে।
এ বেতার ও টিভি চ্যানেলগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বসবাসরত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। সরকার বলছে, যারা বরখাস্ত হয়েছে তারাও সবাই গুলেনের মিত্র।
এর আগে গুলেন ও তার অনুসারীদের নিঃশেষ করে দিতে শুরু করা ব্যাপক দমনাভিযানে দেশজুড়ে ৬ হাজারের বেশি জনকে আটক করে তুরস্ক। আটককৃতদের মধ্যে ছিল উচ্চপদস্থ সেনা সদস্যরাসহ প্রায় ৩ হাজার বিচারক। আর প্রায় ৯ হাজার পুলিশ কর্মকর্তা।
এ ব্যাপক-ধরপাকড়ে তুরস্কে আইনের শাসন এবং গণতান্ত্রিক শাসন ক্ষুন্ন হওয়া নিয়ে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করার পরও অভিযান থামেনি।
তবে গুলেন বরাবরই অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন।
ওদিকে, তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম পার্লামেন্টে বলছেন, “গুলেন একটি সন্ত্রাসী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। আমরা তাদের সমূলে উৎপাটন করব।”
রয়টার্স জানিয়েছে, অভ্যুত্থান পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে বুধবারই জরুরি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিচ্ছে তুরস্ক। সরকারের কঠোর দমনাভিযানের কারণে দেশজুড়ে উত্তেজনা দেখা দিয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িতদের বিদেশ ভ্রমণ বুধবার নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অভিযুক্ত অভ্যুত্থান পরিকল্পনাকারীরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য সাময়িকভাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক তুর্কি কর্মকর্তা।
তিনি জানান, তুরস্কে বিশ্ববিদ্যালয়গুলো সামরিক জান্তাদের জন্য সবসময়ই খুব গুরুত্বপূর্ণ জায়গা। কিছু কিছু ব্যক্তির সঙ্গে সামরিক বাহিনীর কোনও কোনও সেলের সঙ্গে যোগযোগও আছে বলে মনে করা হয়।
তুরস্ক অভ্যুত্থান প্রচেষ্টার জন্য ফেতুল্লাহ গুলেনকেই দায়ী করে আসছে। হোয়াইট হাউজ জানিয়েছে, তুরস্ক গুলেনকে হস্তান্তরের জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে।
মঙ্গলবার এরদোয়ানের সঙ্গে প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে ফোনালাপের সময় এ বিষয়টি নিয়ে কথা হয়।
মুখপাত্র জোস আর্নেস্ট বলেছেন, গুলেনকে হস্তান্তর করা হবে কিনা সে সিদ্ধান্ত দুই দেশের মধ্যে একটি চুক্তির আওতায় নেওয়া হবে।
তুরস্ক সরকারের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত গুলেনের বিরুদ্ধে অপকর্মের প্রমাণ না চেয়ে বরং তাকে সন্দেহের ভিত্তিতে তুরস্কের কাছে হস্তান্তর করা।
তিনি আরও বলেন, গুলেনের অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার ঘোর সন্দেহ আছে। আর এটাই তাকে হস্তান্তর করার জন্য যথেষ্ট।
অন্যদিকে, গুলেন বলছেন, তার বিরুদ্ধে তুরস্ক সরকার যে অভিযোগ তুলেছে তা ‘উদ্ভট।’
এক বিবৃতিতে তিনি বলেন, “রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশে কোনওরকম হস্তান্তর প্রক্রিয়া প্রত্যাখ্যান করার জন্য আমি যুক্তরাষ্ট্র সরকারকে আহ্বান জানাচ্ছি।”
