গঙ্গায় ভাসছে রুপির নোট
৫০০ ও ১০০০ রুপির বর্তমান নোট বাতিল করে ভারত সরকারের আকস্মিক ঘোষণার পর গঙ্গা নদীতে এ ধরনের শত শত নোট ভাসতে দেখা গেছে।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভি’র খবরে বলা হয়, শুক্রবার উত্তর প্রদেশের মির্জাপুরের গঙ্গা নদীর নারঘাট এলাকায় গোসল করার সময় লোকজন পানিতে ৫০০ ও ১০০০ রুপির কয়েক শ’ নোট ভাসতে দেখে।
সেখানে নোটের পরিমাণ ঠিক কত ছিল সে বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
নদীতে ৫০০ ও ১০০০ রুপি ভাসছে এ খবর ছড়িয়ে পড়ার পর প্রচুর মানুষ নদীর ঘাটে জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিভিশনে এক ভাষণে রুপির বড় এ দুটি নোট বাতিল করে অবিলম্বে তা কার্যকর করার ঘোষণা দেন।
ঘোষণায় বলা হয়, মঙ্গলবার মধ্যরাত থেকে লেনদেনের ক্ষেত্রে ৫০০ ও ১০০০ রুপির প্রচলতি নোটগুলো অকার্যকর হয়ে যাবে।
ছবি: এনডিটিভি
তিনি বলেন, “জাল নোট, কালো টাকা ও দুর্নীতি ঠেকাতে আমার হাতে বিকল্প আর কোনও উপায় ছিল না।”
পুরনো এই দুটি নোট তুলে নিয়ে শিগগিরই ৫০০ ও ২০০০ রুপির নতুন নোট ছাড়া হবে বলেও ঘোষণা দেন মোদী।
