২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে ৮ হাজার পুলিশ কর্মকর্তা বরখাস্ত

তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত সন্দেহে ৮ হাজার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Jul 2016, 07:25 PM

Updated : 12 Apr 2022, 02:28 AM

আঙ্কারা এবং ইস্তাম্বুলসহ বিভিন্ন জায়গা থেকে এ পুলিশ কর্মকর্তাদেরকে পদচ্যুত করা হয়।

এছাড়াও, দেশটির বিচার বিভাগের ও সেনাবাহিনীর জেনারেলসহ ৬ হাজার জনের বেশি মানুষ আটক হয়েছে।

যারা অভ্যুত্থানের চেষ্টা করেছে তাদেরকে ‘ভাইরাস’ আখ্যা দিয়ে মুছে ফেলার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান।

দেশজুড়ে ১শ’রও বেশি জেনারেল এবং এডমিরাল আটক হয়েছে। সোমবার সকালে ইস্তম্বুলের বিমান বাহিনীর একাডেমীতে তল্লাশি হয়েছে। ৩০ জন আঞ্চলিক গভর্নর এবং ৫০ জনের বেশি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাও বরখাস্ত হয়েছে।

প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, এ পর্যন্ত ৬ হাজার ৩৮ জন সেনাসহ ৭ হাজার ৫৪৩ জন আটক হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তুরস্কে গণতান্ত্রিক শাসনের ওপর জোর দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধানও তুরস্কে আইনের শাসনের সুরক্ষা দরকার বলে মন্তব্য করেছেন।

তুরস্ক সরকার বলছে, সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্রের সঙ্গে দেশটির নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন জড়িত।  গুলেন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।তার বিরুদ্ধে আনা অভিযোগ  প্রত্যাখ্যান করেছেন তিনি। তুরস্ক গুলেনের হস্তান্তর চাইলে প্রমাণ হাজির করতে হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি।

বিবিসি জানিয়েছে, অভ্যুত্থানের পর গ্রিসে পালিয়ে যাওয়া ৮  তুর্কি সেনা কর্মকর্তাকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালতে তুলছে গ্রিস। তারা গ্রিসে আশ্রয় চেয়েছে। আর তুরস্ক তাদের হস্তান্তর দাবি করেছে।