অভ্যুত্থান চেষ্টার পর তুরস্কজুড়ে গ্রেপ্তার ৬ হাজার
সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ করার পর ধর্মীয় নেতা গুলেন ফেতুল্লাহ ও তার অনুসারীদের নিঃশেষ করে দিতে শুরু করা ব্যাপক দমনাভিযানে দেশজুড়ে এ পর্যন্ত প্রায় ৬ হাজার জনকে আটক করেছে তুরস্ক।
এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বিচারমন্ত্রী বেকির বোজদাগ।
আটককৃতদের মধ্যে রয়েছে, উচ্চপদস্থ সেনা সদস্যরাসহ ২ হাজার ৭০০ বিচারক। আর ৫০ জনেরও বেশি সেনাকে রোববার পশ্চিমাঞ্চলীয় দেনিজি প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
অভ্যুত্থান প্রচেষ্টার পর সংঘর্ষে নিহতের সংখ্যা এ পর্যন্ত ২৬৫ জনে দাঁড়িয়েছে।
অভ্যুত্থানের পেছনে যারা জড়িত তাদেরকে চরম মূল্য দিতে হবে বলে আগেই জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান। তিনি বলেন, পার্লামেন্ট নতুন করে মৃত্যুদণ্ড চালুর প্রস্তাব বিবেচনা করে দেখতে পারে।
ব্যর্থ সেনা অভ্যুত্থান প্রচেষ্টার জন্য স্বেচ্ছা-নির্বাসনে যুক্তরাষ্ট্রে বসবাসরত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ী করেছেন এরদোয়ান।
যুক্তরাষ্ট্র সরকারের কাছে অবিলম্বে ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে গ্রেফতার করে তুরস্কে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন এরদোয়ান। তবে গুলেন সেনা অভ্যুত্থানে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
ওদিকে, যুক্তরাষ্ট্র তাকে হস্তান্তরের ব্যাপারে বলেছে, যে কোনও হস্তান্তর প্রক্রিয়ার ক্ষেত্রে তুরস্ককে আইনগত প্রমাণ হাজির করতে হবে।
শুক্রবার রাতে তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেনাবাহিনী রাজপথে অবস্থান নেয়।
তারা ইস্তাম্বুলের বসফরাস ও সুলতান মেহমুত সেতুর উপর অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। সিএনএন-তুর্ক টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমের নিয়ন্ত্রণ নেয়।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের দল জাস্টিক অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) ইস্তাম্বুলের দপ্তরেও হানা দেয় বিদ্রোহী সেনা সদস্যরা।
এ সময় উপকূলের শহর মারমারিসে অবকাশে থাকা এরদোয়ান অভ্যুত্থানের খবর পেয়েই স্মার্টফোনে দেওয়া এক ভাষণে জনগণকে এ অভ্যুত্থান প্রতিরোধে রাস্তায় নেমে আসার আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে তার বিপুল সংখ্যক সমর্থক রাস্তায় নেমে আসে এবং অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।
শনিবার ভোরে আত্মসমর্পণ করে বিদ্রোহী সেনারা।
দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার (এমআইটি) প্রধান হাকান ফিদান বলেন, “সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে কৌশলগত অভিযান শেষ হয়েছে।”
আল-জাজিরার খবরে বলা হয়, ইস্তাম্বুলের প্রধান সড়কগুলোর দুই পাশে জনগণ তুরস্কের লাল-সাদা রঙের পতাকা হাতে সরকারের প্রতি সমর্থন প্রকাশ করছে।
বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত একাধিক ছবিতে আত্মসমর্পণকারী সেনা সদস্যদের এরদোয়ান সমর্থকদের মারধরের দৃশ্য দেখা গেছে।
অভ্যুত্থানের পরই তড়িঘড়ি করে ইস্তাম্বুল পৌঁছে এক ভাষণে এরদোয়ান বলেন, “সেনাবাহিনীর ক্ষুদ্র একটি দল অভ্যুত্থানের চেষ্টা করেছিল, তারা রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছে, এজন্য তাদের চড়া মূল্য দিতে হবে।”
“আমি জনগণের সঙ্গে আছি এবং তাদের ছেড়ে কোথাও যাচ্ছি না।”
আঙ্কারার একটি সেনা ঘাঁটিতে ‘জিম্মি দশা’ থেকে সেনাপ্রধান হুলুসি আকারকে সরকার অনুগত উদ্ধার করেছে বলেও জানিয়েছে আল-জাজিরা।
