২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পোর সরকার নিয়ন্ত্রিত এলাকায় বিদ্রোহীদের হামলা

সিরিয়ার বৃহত্তম শহর সরকারি বাহিনী নিয়ন্ত্রিত অংশে বড় ধরনের হামলা চালিয়েছে বিদ্রোহীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2016, 03:17 PM

Updated : 12 Apr 2022, 02:26 AM

সরকারি বাহিনী শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশের একমাত্র সরবরাহ পথটি বন্ধ করে দেওয়ার পর সোমবার ভোরে বিদ্রোহীরা পাল্টা হামলা শুরু করে বলে জানিয়েছে বিবিসি।

বেশ কয়েকটি দিক থেকে শহরের সরকারি বাহিনী নিয়ন্ত্রিত পশ্চিম অংশে হামলা চালায় বিদ্রোহীরা। এ সময় পশ্চিম অংশটিতে কয়েকশত গোলা নিক্ষেপ করে তারা।

এসব হামলায় আটজন নিহত ও বহু মানুষ আহত হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএএনএ জানিয়েছে।

এর আগে বিদ্রোহীরা তাদের অধিকৃত শহরের পূর্বাংশ থেকে বের হওয়ার একমাত্র রাস্তা ক্যাস্টেল্লো সড়ক ‍মুক্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত এই অংশটিতে প্রায় তিন লাখ মানুষ বসবাস করে।

একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিনিধি জানিয়েছেন, আলেপ্পোর সরকার-নিয়ন্ত্রিত এলাকা লক্ষ্য করে ভোরে হামলা শুরু করে বিদ্রোহীরা, এতে শহরটির বিভেদরেখা বরাবর দুপক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়।

যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলা চালানোর সময় বিদ্রোহীরা তিনশরও বেশি গোলা নিক্ষেপ করেছে।

তবে হামলার তীব্রতা সত্বেও সরকারি বাহিনীর বিমানগুলোর ব্যাপক বোমাবর্ষণের কারণে বিদ্রোহীরা তেমন কোনো সাফল্য পায়নি বলে জানিয়েছে অবজারভেটরি।

বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরের পূর্বাংশের আটকা পড়া বাসিন্দারা ইতিমধ্যে খাবার ও জ্বালানি সংকটে পড়েছেন বলে জানা গেছে।

মানবাধিকার আন্দোলন কর্মীরা জানিয়েছেন, এই অংশে সরকারি বাহিনীর বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন। 

২০১২ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ার এক সময়ের প্রধান বাণিজ্যিক ও শিল্প শহর আলেপ্পোর অধিকাংশ এলাকা ধ্বংস হয়।