ফুঁসছে কাশ্মির, সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ১৯
ক্ষোভে ফুঁসছে কাশ্মির। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের কমান্ডার বুরহান মুজাফ্ফর ওয়ানি নিহতের প্রতিবাদে গোটা জম্মু-কাশ্মীর জুড়ে বিক্ষোভ-সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।
পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দুইদিনের সংঘর্ষে ১৮ জন বিক্ষোভকারী ও এক পুলিশের মৃত্যু হয়। পরিস্থিতি সামলাতে কাশ্মিরে জারি করা কারফিউয়ের মধ্যেও পুলিশের গাড়িতে বিক্ষুব্ধ লোকজনের হামলার ঘটনা ঘটেছে।
রাজ্য সরকার বিক্ষোভরত জনগণকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে।
পুলিশের সঙ্গে এক অভিযানে বুরহান মুজাফ্ফর ওয়ানি নিহত হলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ করে অনন্তনাগ, ওয়ানির জেলা পুলওয়ামা, কুলগ্রাম ও শোপিয়ানে উত্তেজিত জনতা নিরাপত্তা বাহিনীর উপর হামলা করছে।
দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ এলাকায় শুক্রবার দুই সহযোগীসহ নিহত হন ওয়ানি।
এর প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে শনিবার অন্তত ১১ জন নিহত এবং ৯৫ জন আহত হয়। আহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন। তবে নিহতরা সবাই বিক্ষোভে অংশ নিয়েছিলেন বলে জানায় পুলিশ।
এদিন বিক্ষোভকারীরা তিনটি থানা ও দুটি সরকারি ভবনে আগুন দিয়েছে বলে দুই পুলিশ কর্মকর্তা জানান।
সংহিসতায় তিন পুলিশ নিখোঁজ হয়েছে জানিয়ে জম্মু ও কাশ্মির পুলিশের অতিরিক্ত মহাপরিচালক এ এম সাহাই বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও গুলি ছুড়তে ‘বাধ্য হন’ কর্মকর্তারা।
পুলিশ জানায়, বিক্ষোভকারীরা চালক-কনস্টেবলসহ বুলেট-প্রুফ গাড়িটি ঠেলে ঝিলাম নদীতে ফেলে দিলে চালকের মৃত্যু হয়। অন্যান্য পুলিশ সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণ বাঁচায়।
এছাড়া, পুলওয়ামা জেলায় সড়ক আটকে একদল বিক্ষোভকারী সরকার বিরোধী এবং স্বাধীনতার পক্ষে স্লোগান দিতে থাকে। ওই সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হওয়ার খবর জানিয়েছে আইএএনএস।
পুলিশের শীর্ষ এক কর্মকর্তার বরাত দিয়ে আইএএনএস-এর খবরে আরও বলা হয়, রোববার পুলওয়ামা জেলার অন্য একটি এলাকায় কারফিউ ভেঙে বিক্ষোভকারীরা বেরিয়ে আসে এবং নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায়। এ সময় গুলিতে ইরফান আহমেদ মালিক নামে ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়। এছাড়া, শনিবার আহতদের মধ্যে চার জন রোববার মারা গেছে।
রোববার শিক্ষামন্ত্রী ও সরকারের মুখপাত্র নাঈম আখতার গণমাধ্যমে বলেন, “আমরা অভিভাবকদের কাছে অনুরোধ করছি তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তা বাহিনীর উপর পাথর ছোঁড়ার মত ঘটনায় অংশ নিতে না দেয়। ওই ধরনের ঘটনার শিকার হয়ে পুলিশ গুলি চালাতে বাধ্য হয় এবং নিরপরাধ মানুষের প্রাণ যায়।”
কাশ্মিরের বিভাগীয় কমিশনার আসগর হুসাইন সামুন শান্তি ফিরিয়ে আনতে জনগণের সাহায্য কামনা করেছেন।
