দ. চীন সাগরে সশস্ত্র সংঘাতের জন্য প্রস্তুতির পরামর্শ চীনা পত্রিকার
দক্ষিণ চীন সাগরে সামরিক সংঘাতের জন্য চীনের প্রস্তুতি নেওয়া উচিত বলে মন্তব্য করেছে দেশটির একটি প্রভাবশালী পত্রিকা।
ওই সাগরে চীন ও ফিলিপাইনের মধ্যে বিদ্যমান বিরোধীতার বিষয়ে আন্তর্জাতিক আদালতে রায়ের এক সপ্তাহ আগে মঙ্গলবার এ পরামর্শ দিয়েছে চীনের রাষ্ট্রীয় পত্রিকা গ্লোবাল টাইমস।
নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক আদালত ১২ জুলাই ওই রায় ঘোষণা করবে।
দিন যত ঘনিয়ে আসছে চীন ও ফিলিপিন্সের মধ্যে উত্তেজনা তত বেড়ে চলেছে।
গ্লোবাল টাইমসের চাইনিজ ও ইংলিশ, উভয় সংস্করণে এক যৌথ সম্পাদকীয়তে বলা হয়, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ফলে দক্ষিণ চীন সাগরের জলসীমা নিয়ে বিতর্ক একটি জটিল রূপ ধারণ করেছে এবং আদালতের কারণে চীনের সার্বভৌমত্বের বিষয়ে হুমকি সৃষ্টি হয়েছে, যা পরবর্তী সংঘাতের পট প্রস্তুত করেছে।
এতে বলা হয়, “ওয়াশিংটন দক্ষিণ চীন সাগরের আশপাশে দুটি রণবহর মোতায়েন করেছে এবং পেশী প্রদর্শন করে সে একটি ইঙ্গিত দিতে চাইছে; এই অঞ্চলের সবচেয়ে বড় শক্তিধর হওয়ায় সে চীনের বাধ্যতার জন্য অপেক্ষা করছে।”
এই প্রেক্ষাপটে চীনের সামরিক চাপ তৈরির ক্ষমতা বাড়ানোর গতি দ্রুততর করা প্রয়োজন বলে মন্তব্য করেছে পত্রিকাটি।
এতে আরো বলা হয়, “যদিও স্বল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সামর্থ্যের সঙ্গে পাল্লা দেওয়া চীনের পক্ষে সম্ভব নয়, কিন্তু এর (চীনের) এমন সামর্থ্য থাকা উচিত যাতে দক্ষিণ চীন সাগরের বিতর্কে শক্তি প্রয়োগের মাধ্যমে হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হয়।”
“চীন আশা করে, আলোচনার মাধ্যমেই বিতর্কের অবসান হবে, কিন্তু যে কোনো সামরিক সংঘাতের জন্য তার প্রস্তুত থাকা আবশ্যক। এটি আন্তর্জাতিক সম্পর্কের ‘কমন সেন্স’।”
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলির মাধ্যমেই গ্লোবাল টাইমস প্রকাশিত হয়।
দেশটির নীতি-নির্ধারণী মহলে গ্লোবাল টাইমস বহুল পঠিত হলেও পিপলস ডেইলির মতো মুখপত্রের ভূমিকা নেই এটির।
গ্লোবাল টাইমসের সম্পাদকীয় চীনের সরকারি নীতিকেও প্রতিফলিত করে না।
পত্রিকাটি এটির কট্টর জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গীর জন্যও পরিচিত।
বুধবার থেকে দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক মহড়া শুরু হওয়ার কথা রয়েছে। একই সাগরে যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধজাহাজও টহলে নিয়োজিত আছে, যা নিয়ে ক্ষুব্ধ হয়ে আছে চীন।
তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মহড়াটিকে নিয়মিত অনুশীলনের অংশ বলে বর্ণনা করেছে।
