মসজিদে নববীর কাছে আত্মঘাতী হামলা, ৪ নিরাপত্তারক্ষী নিহত
মদিনায় মহানবীর (সা.) মসজিদ হিসেবে খ্যাত মসজিদে নববীর কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত চার নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।
সোমবার মাগরিবের নামাজের সময় মসজিদের পার্কিং এলাকার প্রধান নিরাপত্তা চৌকিতে এ হামলা হয় বলে সৌদি আরবের টেলিভিশন স্টেশন আল আরাবিয়া জানিয়েছে।
সৌদি নিরাপত্তাবাহিনীর এক মুখপাত্র রয়টার্সকে জানান, দর্শনার্থীদের সঙ্গে পার্কিং এলাকা থেকে মসজিদে নববীর দিকে অগ্রসর হচ্ছিলেন হামলাকারী।
“নিরাপত্তা কর্মকর্তারা সন্দেহভাজন ওই ব্যক্তির মুখোমুখি হলে সে বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। এতে চার নিরাপত্তারক্ষী ও হামলাকারী নিহত হন।”
হামলায় আরও পাঁচ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানান তিনি।
তবে আল আরাবিয়ার প্রতিনিধি জানিয়েছেন, আত্মঘাতী হামলাকারী নিরাপত্তারক্ষীদের সঙ্গে ইফতার করার আগ্রহ দেখিয়ে তাদের পাশে আসেন এবং পরে বিস্ফোরণ ঘটান।
রয়টার্সের একটি ছবিতে বিস্ফোরণে দগ্ধ ও রক্তাক্ত একজন ব্যক্তিকে হাসপাতালের স্ট্রেচারে শুয়ে থাকতে দেখা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা যায়, মসজিদে নববীর নিরাপত্তা চৌকির কাছে একটি গাড়িতে আগুন জ্বলছে; তা থেকে ফুলকি ছড়িয়ে পড়ছে।
সোশ্যাল মিডিয়ায় আসা একটি ভিডিওতে দুজন নিরাপত্তা কর্মীকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। জেদ্দায় যুক্তরাষ্ট্র কনস্যুলেটে হামলাচেষ্টার দিনই মদিনায় এই আত্মঘাতী হামলা হয়।
প্রত্যক্ষদর্শী একজন বিবিসিকে জানান, বোমা বিস্ফোরণের শব্দ শুনে তারা প্রথমে একে সন্ত্রাসী হামলা মনে করেননি।
“আমরা ভেবেছি এটি ইফতারের জন্য কামান থেকে ছোঁড়া গোলার শব্দ, যা শুনে আমরা রোজা ভাঙব। তবে মাটি বেশ জোরে দুলে উঠেছিল, চারপাশ কাঁপছিল, মনে হচ্ছিল বিল্ডিং ধসে পড়বে,” বলেন ৩৬ বছর বয়সী কারী জিয়াদ পাটেল।
মক্কার কাবা শরীফের পরে মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচিত এই মসজিদে নববী।
মদিনায় ওই হামলার কাছাকাছি সময় পূর্বাঞ্চলীয় শহর কাতিফে একটি শিয়া মসজিদের কাছেও বোমা বিস্ফোরণ ঘটানো হয়। সেখানে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ওই মৃতদেহ হামলাকারীর বলেই ধারণা করা হচ্ছে।
এর কয়েক ঘণ্টা আগে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় যুক্তরাষ্ট্র কনস্যুলেটের কাছে বিস্ফোরণে এক আত্মঘাতী নিহত এবং দুজন আহত হন।
রয়টার্স বলছে, সৌদি আরবে কয়েক বছরের মধ্যে এই প্রথম বিদেশিদের লক্ষ্য করে জেদ্দায় এই হামলা হয়েছে। তাৎক্ষণিকভাবে কেউ এর দায় স্বীকার করেনি।
২০১৪ সালের মাঝামাঝি থেকে সৌদি আরবে আইএসের ধারাবাহিক হামলায় অনেকে নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিয়া মতাবলম্বী ও নিরাপত্তা বাহিনীর সদস্য।
গত বছর কাতিফে শিয়া অধ্যুষিত এলাকায় আত্মঘাতী বোমা হামলায় কয়েক ডজন মানুষ নিহত হওয়ার পর ওই এলাকার মসজিদগুলো ঘিরে নিরাপত্তা বাড়ায় পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা।
বছরখানেক আগে একটি মসজিদে আরেকটি আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হয়।
