জেদ্দায় মার্কিন কনস্যুলেটের কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণ
সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কাছে সন্দেহভাজন এক আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
বিবিসি বলছে, এই হামলায় দুইজন নিরাপত্তা কর্মকর্তা সামান্য আহত হয়েছেন।
ফজরের নামাজ শুরুর কিছু সময় আগে এই হামলা চালানো হয়।
এরআগে ২০০৪ সালে জেদ্দার এই কনস্যুলেটে বিদ্রোহী-জঙ্গিরা হামলা চালিয়েছিল। ওই ঘটনায় নয়জন নিহত হন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবারের ওই বোমা হামলার ঘটনা সম্পর্কে তারা অবহিত রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর-জেনারেল মনসুর আল-তুর্কি এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় মধ্যরাত সোয়া ২ টার দিকে ডা. সুলেইমান ফাকিহ হাসপাতালের গাড়ি রাখার স্থানে অবস্থানকারী এক ব্যক্তির ব্যাপারে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের।
মার্কিন কনস্যুলেটের ঠিক উল্টো পাশেই হাসপাতালটির অবস্থান।
বিবৃতিতে বলা হয়, নিরাপত্তারক্ষীরা সন্দেহভাজন ওই ব্যক্তির কাছাকাছি গেলে হাসপাতালের গাড়ি রাখার স্থানে ওই ব্যক্তি নিজের শরীরে বেঁধে রাখা বিস্ফোরকবোঝাই বেল্টের বিস্ফোরণ ঘটান।
ওই ঘটনার পর সৌদি আরবে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস হুঁশিয়ারি জারি করে মার্কিন নাগরিকদের আশপাশ সম্পর্কে সচেতন থাকতে এবং দেশটিতে ভ্রমণের সময় বাড়তি সতর্ক থাকতে বলেছে।
