ইরাকে নিরাপত্তা নিয়ে ক্ষোভ
ইরাকের রাজধানী বাগদাদে ইসলামিক স্টেটের (আইএস) বোমা হামলায় দেড়শতাধিক মানুষের মৃত্যুতে শোকের মধ্যে নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে মানুষ।
মানুষের সুরক্ষায় যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য সরকারকে দোষারোপ করেছে তারা।
সাম্প্রতিক সময়ে এত ভয়াবহ হামলা ইরাকে আর হয়নি ।
রোববার ভোররাতের দিকে বাগদাদেরর কারাদার শপিং এলাকায় এক ব্যক্তি ট্রাক ভর্তি বিস্ফোরক নিয়ে আত্মঘাতী হামলা চালায়। ওই হামলায় একটি শপিংমল পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। মলের আশেপাশে থাকা অনেক গাড়িও পুড়ে কয়লা হয়ে যায়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভবনের ধ্বংসস্তুপের নিচ থেকে সোমবার দুপুর পর্যন্ত ১৫১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ৩৫ জন নিখোঁজ রয়েছে বলে দাবি স্থানীয়দের। হামলায় আরো অন্তত ২শ’ জন আহত হয়েছে।
এরপর বাগদাদের উত্তরাঞ্চলে একটি শিয়া এলাকার আল শাব বাজারে ভোররাতের দিকে আরেকটি বোমা বিস্ফোরণে অন্তত ২ জন নিহত হয় বলে জানিয়েছে পুলিশ ও চিকিৎসাকর্মীরা।
তবে বিবিসি বাগদাদে জোড়া বোমা হামলায় ১৬৫ জন এবং সিএনএন দুইশতাধিক মানুষ নিহত হওয়ার খবর জানিয়েছে।
এ ঘটনায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকার ফাল্লুজা থেকে আইএসকে হঠিয়ে দেওয়ার দাবি করলেও রাজধানীতে জঙ্গি দলটির এমন হামলায় সরকারের কর্মকৌশল নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে বাগদাদের নিরাপত্তা ত্রুটি চিহ্নিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী আবাদি। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বেশ কিছু নির্দেশও দিয়েছেন তিনি।
কিন্তু রাস্তায় রাস্তায় ইরাকিরা সরকারের বিরুদ্ধে ক্ষেপে আছে। অধিবাসীদের নিরাপত্তা দিতে সরকারের অক্ষমতায় ক্ষুব্ধ তারা।
হামলাস্থলের স্থানীয় এক অধিবাসী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “আল্লাহর কসম কেটে বলছি, এ সরকার ব্যর্থ হয়েছে।”
আরেক ক্ষুব্ধ অধিবাসীর উক্তি, “ আইএস তাদের কৌশল পরিবর্তন করছে, তাহলে সরকার তা করছে না কেন? সরকারের অকেজো তল্লাশি কেন্দ্র আর ভুয়া বোমা সনাক্তকরণ যন্ত্রের সমালোচনা করেন তিনি।
প্রধানমন্ত্রী আবাদি নিরাপত্তা বাহিনীর হাতে থাকা বোমা সনাক্তকরণের ভুয়া যন্ত্র সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।
২০১১ সালে সাবেক প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির সময় যুক্তরাজ্যের এক ব্যবসায়ীর কাছ থেকে চার কোটি মার্কিন ডলারে মূল্যে ওই বোমা সনাক্তকরণ যন্ত্রগুলো কেনে ইরাক। পরবর্তীতে যন্ত্রগুলো ভুয়া বলে প্রমাণিত হয়।
হাতে ব্যবহার করা যন্ত্রগুলো শুরুতে আসলে হারিয়ে যাওয়া গল্ফ বল খুঁজতে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল।
এ ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর ২০১৩ সালে যুক্তরাজ্যের ওই ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়া হয়। এত কিছুর পরও ইরাকের পুলিশ বাহিনী ওই যন্ত্রগুলো এখনও ব্যবহার করে যাচ্ছে।
