২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের উত্তরাখন্ডে ভূমিধসে নিহত ১৫, বহু নিখোঁজ

ভারতের উত্তরাখন্ডে ভারী বৃষ্টিপাতের কারণে ‍সৃষ্ট ‍ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অনেকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2016, 10:12 PM

Updated : 12 Apr 2022, 02:22 AM

এনডিটিভি’র খবরে বলা হয়, গতরাত থেকে বৃষ্টিপাতের কারণে পিথরাগড় জেলার দিদিহাট এলাকায় ভূমিধসে ছয়টি ঘর চাপা পড়লে ১১ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে তিনটি শিশুও রয়েছে।

সেখানে এখনও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এছাড়া, শুক্রবার সকালের দিকে চামলি জেলায় আকস্মিক বন্যায় চারজন ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে।

হরিদুয়ারে গঙ্গা নদীর পানি বিপদসীমার মাত্র দুই মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর গতরাত থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে।

‘ন্যাশনাল ডিজাসটার রেসপন্স’ ফোর্স এর মহাপরিচালক ওপি সিং এনডিটিভি’কে বলেন, “গত রাতে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস হয়েছে। ধসে পড়া মাটিতে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এবং ধোঁয়াটে পরিবেশের কারণে আমাদের উদ্ধার কর্মীদের কাজে বেগ পেতে হচ্ছে।”

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত বলেন, তিনি নিজে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

টুইটারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “উত্তরাখণ্ডের কয়েকটি স্থানে ভারী বর্ষণে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। হতাহতদের পরিবারের প্রতি সমবোদনা রইল।”

২০১৩  সালের জুনে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ভারতে প্রায় ছয় হাজার মানুষের মৃত্যু হয়।