২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরিপে ‘বেক্সিট’ এর বিরুদ্ধে সমর্থন বাড়ার আভাস

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ব্রিটেনকে ধরে রাখার পক্ষে জনসমর্থন ফের এগিয়ে গেছে বলে প্রকাশিত দুটি মতামত জরিপে প্রকাশ পেয়েছে। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Jun 2016, 02:06 PM

Updated : 12 Apr 2022, 02:18 AM

শনিবার প্রকাশিত চারটি জরিপের ফলাফলের মধ্যে এ দুটি ফলাফল ব্রিটেনকে ইইউতে ধরে রাখার জন্য সংগ্রামরত ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে নতুন অনুপ্রেরণা যোগাবে বলে ধারণা করা হচ্ছে।

আগামী বৃহস্পতিবার গণভোটে নির্ধারিত হবে ব্রিটেন ইইউতে ‘থাকবে’ নাকি ‘থাকবে না’।

প্রধানমন্ত্রী ক্যারেমনসহ এক পক্ষ ব্রিটেনকে ইইউতে ধরে রাখতে ‘ইন’ পক্ষে প্রচারণা চালাচ্ছেন। অপরদিকে ব্রিটেনকে ইইউ থেকে বের করে নিতে অপর পক্ষ ‘আউট’ শিবিরের পক্ষে প্রচারণা চালাচ্ছে। 

তৃতীয় একটি জরিপের ফলাফলেও জনসমর্থন ‘ইন’ এর দিকে ঝুঁকে পড়ছে বলে আভাস মিলেছে। যুক্তরাজ্যের শীর্ষ স্থানীয় সংবাদপত্রগুলোও প্রধানমন্ত্রী ক্যামেরনকে সমর্থন দিচ্ছে।

ডানপন্থি সংবাদপত্র মেইল অন সানডে প্রকাশিত এক সম্পাদকীয়তে এর পাঠকদের ইইউতে থাকার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। 

শনিবার প্রকাশিত সানডে টাইমস সংবাদপত্রের জন্য জরিপ সংস্থা ইউগভ-র করা জরিপে দেখা যায়, ব্রিটেনের ইইউতে থাকার পক্ষে ‘ইন’ শিবির এক শতাংশ পয়েন্টে ‘আউট’ শিবির থেকে এগিয়ে রয়েছে।

‘ইন’ শিবিরের পক্ষে ৪৪ শতাংশ ভোটার তাদের সমর্থন জানিয়েছেন, অপরদিকে ৪৩ শতাংশ সমর্থন নিয়ে ‘আউট’ শিবির ক্যামেরনদের ঘাড়ে নিঃশ্বাস ছাড়ার অবস্থায় রয়েছে। 

বৃহস্পতিবার ও শুক্রবার পর পর দুইদিন সাক্ষাৎকারের ভিত্তিতে জরিপটি করা হয়।

বুধবার-বৃহস্পতিবার করা ইউগভের অন্য আরেকটি জরিপের ফলাফলও শনিবার প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, ‘আউট’ শিবিরের পক্ষে এক সপ্তাহ আগে যে পরিমাণ সমর্থন ছিল তা অনেকটা কমে গেছে।

এক সপ্তাহের কম সময়ের আগে ‘আউট’ শিবির সাত পয়েন্টে এগিয়ে ছিল, কিন্তু বুধবার-বৃহস্পতিবারের ওই জরিপে ‘আউট’ দুই পয়েন্টে এগিয়ে আছে বলে দেখা গেছে।

একই দিন জরিপ প্রতিষ্ঠান সার্ভেশন প্রকাশিত আরেকটি জরিপে ‘ইন’ শিবির তিন পয়েন্টে এগিয়ে আছে বলে দেখা গেছে। এর আগে সার্ভেশনের বৃহস্পতিবার প্রকাশিত জরিপের ফলাফলে ‘আউট’ শিবির ঠিক ওই তিন পয়েন্টেই এগিয়ে ছিল।  

অপিনিয়ামের করা চতুর্থ আর একটি জরিপে দুই শিবিরের পক্ষেই ৪৪ শতাংশ জনসমর্থন লক্ষ্য করা গেছে। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে করা এই জরিপে দুপক্ষের হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র উঠে এসেছে।

মেইল অন সানডে ‘ইন’ শিবিরের পক্ষ নিয়ে ক্যামেরনদের সমর্থন করলেও সানডে টাইমস ‘আউট’ শিবিরের পক্ষে সমর্থন জানিয়েছে।