২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি যাবজ্জীবন দণ্ড পেলেন মিশরের মুরসি

গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের দায়ে মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে আরেকটি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 11:56 AM

Updated : 12 Apr 2022, 02:18 AM

শনিবার দেওয়া এ রায়ে আদালত মুরসির পাশাপাশি একই অভিযোগে অভিযুক্ত আরো ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

এদের মধ্যে আল জাজিরার দুজনসহ তিন সাংবাদিক রয়েছেন, তাদের অনুপস্থিতিতেই এ দণ্ড দেওয়া হয়।

এছাড়া প্রেসিডেন্ট থাকাকালে মুরসির দপ্তরে কাজ করা তার দুই অভিযুক্ত সহযোগীকেও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

দণ্ডপ্রাপ্ত সবাই রায়ের বিরুদ্ধে দেশটির সর্বোচ্চ বেসামরিক আদালতে আপিল করতে পারবেন। 

সরকারি কৌঁসুলিরা দাবি করেছেন, মুরসি ও তার সহযোগীরা কাতারি গোয়েন্দাদের কাছে রাষ্ট্রের স্পর্শকাতর তথ্য ফাঁস করে দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন, ওই তথ্য ফাঁসে মিশরীয় সশস্ত্র বাহিনীর কাছে থাকা অস্ত্রের অবস্থান প্রকাশ পেয়ে যায়।

মুরসির সমর্থক কাতার এ রায়ের তীব্র সমালোচনা করে মামলাগুলোকে ‘ভুয়া’ বলে উল্লেখ করেছে।

মিশরের তৎকালীন সেনাপ্রধান আব্দেল ফাত্তা আল সিসি মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর ২০১৩ সালের জুলাই থেকে কাতারের সঙ্গে মিশরের সম্পর্ক শীতল হয়ে আছে। 

মিশরের ‍নিষিদ্ধ ঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডের নেতা মুরসি ইতোমধ্যে আরো তিনটি মামলায় দণ্ডিত হয়েছেন। এসবের মধ্যে সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিরুদ্ধে ২০১১ সালে গড়ে ওঠা গণঅভ্যুত্থানের সময় জেল ভেঙে পালানোর ঘটনায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের পক্ষে গোয়েন্দাগিরির অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

মিশরের প্রথম অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয়ে মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন ব্রাদারহুডের মুরসি। কিন্তু ২০১৩ সালে গণঅসন্তোষের সুযোগ নিয়ে তাকে ক্ষমতাচ্যুত করে মিশরীয় সেনাবাহিনী।

এরপর মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন চালায় সেনা-সরকার। এক পর্যায়ে মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। মুরসি ছাড়াও সংগঠনটির হাজারা হাজার নেতাকর্মী কারাবন্দি আছেন। বিভিন্ন অভিযোগে এদের অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।