অরল্যান্ডোর হামলাকারীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ
ফ্লোরিডার অরল্যান্ডো শহরের নৈশক্লাবে হামলকারী বন্দুকধারী ওমর মতিনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছেন যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা। এফবিআই একথা জানিয়েছে।
মতিনের স্ত্রী নূর সালমান ভুল কিছু করে থাকলে তার বিরুদ্ধে অপরাধের অভিযোগও আনা হতে পারে বলে জানিয়েছে একটি আইন প্রয়োগকারী সংস্থা সূত্র।
নূর সালমান তার স্বামীর হামলা পরিকল্পনার কথা জানতেন বলে এর আগে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা।
এফবিআই এর বিশেষ এজেন্ট রন হপার এক সংবাদ সম্মেলনে বলেন, তদন্তকাজে বহু সাক্ষাৎকারের মতনই নূর সালমানের একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছে মাত্র। এ প্রক্রিয়া চলবে।
জিজ্ঞাসাবাদের ফল কিংবা তদন্তের ফল সম্পর্কে কোনও মন্তব্য করতে তিনি অস্বীকৃতি জানান।
হপার বলেন, মতিনের সম্পর্কে যোগাযোগ ছিল কিংবা তার সম্পর্কে জানে এমন যে কারও কথাই এফবিআই শুনতে চায়।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটি অরল্যান্ডোর ঘটনার বিষয়ি একটি ব্রিফিং নেয়। এই কমিটির সদস্য যুক্তরাষ্ট্রের সিনেটর আনগাস কিং বলেন, “কী হতে যাচ্ছে সে সম্পর্কে তার (মতিনের স্ত্রীর) কিছু ধারণা ছিল বলে মনে হয়েছে।”
নুর সালমান কিছু ‘গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন’ বলে কিং সিএনএনকে জানান।
৪৯টি খুন ও ৫৩টি খুনের প্রচেষ্টায় সহায়তা করা, আসন্ন হামলা সম্পর্কে আইন প্রয়োগকারী সংস্থাকে সতর্ক করতে ব্যর্থ হওয়ায় ও ফেডারেল এজেন্টদের সঙ্গে মিথ্যা কথা বলায় মতিনের স্ত্রী-র বিরুদ্ধে কৌঁসুলিরা অভিযোগ দায়ের করতে চায়।
