ফ্লোরিডার হামলাকারী মতিন নিজেই সমকামী ছিলেন কি না, তদন্ত চলছে
আইএস যাদের নিজেদের ‘যোদ্ধা’ দাবি করে ফ্লোরিয়ায় সমকামীদের নৈশক্লাবে হামলার দায় স্বীকারের বিবৃতি দিয়েছিল, সেই ওমর মতিন নিজেই সমকামী ছিলেন কি না, তার তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।
২৯ বছর বয়সী আফগান বংশোদ্ভূত এই আমেরিকান মুসলিমকে আগে অনেকবার অরল্যান্ডোর ওই ক্লাবে দেখা গেছে বলে তথ্য পাওয়ার পর এই তদন্ত শুরু হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।
মতিন রোববার রাতে পালস নাইটক্লাবে অ্যাসল্ট রাইফেলসহ আরও আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে ৪৯ জনকে হত্যা করেন বলে যুক্তরাষ্ট্র পুলিশ জানিয়েছে। এরপর মতিন আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন।
সমকামীদের ওই ক্লাবে হামলাকারী ‘আইএস যোদ্ধা’ বলে কয়েক ঘণ্টার মধ্যেই মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসের নামে বিবৃতি আসে, যারা সমকামিতার চরম বিরোধী।
হামলার পরপরই মতিনের বাবা মীর সিদ্দিকী বলেছিলেন, তার ছেলে সমকামিতাকে ঘৃণা করতেন। মিয়ামিতে একবার সমলিঙ্গের দুজনকে চুমু খেতে দেখে ভীষণ রেগে গিয়েছিল।
তবে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদ মাধ্যমে খবর এসেছে, মতিন নিজেও সমকামী হয়ে থাকতে পারেন। তবে বিষয়টি গোপন রেখেছিলেন তিনি।
ওই নৈশক্লাবের একজন পারফর্মার ক্রিস ক্যালেন নিউ ইয়র্ক ডেইলি নিউজকে বলেছেন, গত প্রায় তিন বছর ধরে মতিন নিয়মিত পালস ক্লাবে যেতেন।
“আমি তাকে পালস ক্লাবে দেখেছি, তার সঙ্গে আসা এমন অনেকের সঙ্গে আমি কথাও বলেছি, যাদের মধ্যে একজন সাবেক নিরাপত্তারক্ষীও আছেন। আসলে আমি তাকে এর আগে অনেকবারই পালস এ দেখেছি।”
মতিন সমকামী ছিলেন কি না- এই বিষয়টি তদন্তের মধ্যে রাখলেও তদন্তকারী দুই কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, শুধু ওই ক্লাবে যাওয়া থেকে সিদ্ধান্ত টানা যায় না যে মতিন সমকামী ছিলেন, তার যাওয়ার অন্য কারণও থাকতে পারে।
ওমর মতিন
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, যদি মতিন গোপনে সমকামী হন, তবে তা তার ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধেই যায়। তবে এটা সত্যি হলে তা তার এই হত্যাকাণ্ড ঘটানোর কারণের দিশা দিতে পারে।
তার মতে, মতিন যদি গোপনে সমকামী জীবন কাটান, তাহলে তিনি এখন তার ‘পাপ মোচনে’ ওই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।
এদিকে মতিনের সাবেক স্ত্রী সিতোরা ইউসুফিকে উদ্ধৃত করে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট বলেছে, এই যুবকের ‘সমকামী প্রবণতা’ ছিল।
নিউ ইয়র্কে জন্ম নেওয়া মতিনের সঙ্গে ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যম মাইস্পেসে সিতোরার পরিচয় ঘটে ২০০৮ সালে। অল্প কিছুদিনের মধ্যেই বিয়ে করেন তারা। কিন্তু সেই সংসার টেকে মাত্র কয়েক মাস।
সিতোরা বলেন, বিয়ের পর প্রথমদিকে সব স্বাভাবিকই ছিল, কিন্তু এরপর সে ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে ওঠেন মতিন। তখন মতিনের মধ্যে দ্বৈত মানসিকতার তীব্র লক্ষণ তিনি দেখেছেন।
“হাসিখুশি, আনন্দে মেতে থাকার মুহূর্তেই হঠাৎ মতিনের মধ্যে তৈরি হত রাগ, তিনি হয়ে উঠতে মারমুখো। বাবা-মায়ের সঙ্গেও প্রায়ই ঝগড়া হত তার। সে আমাকে মারত। কেন লন্ড্রি শেষ হয়নি, এরকম ছুতো ধরেও আমার উপর চড়াও হত।”
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত, কোনো না কোনো জঙ্গি গোষ্ঠীর দ্বারা অনুপ্রাণিত ছিলেন মতিন। তবে আইএসের নির্দেশে তিনি ওই হামলা চালিয়েছিলেন, এমন স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা হামলাকারী মতিনকে দেখছেন স্বদেশে বেড়ে ওঠা জঙ্গিবাদী হিসেবে।
