২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারে ধর্ষণের অভিযোগ আনা তরুণীর সাজা

ধর্ষিত হয়েছেন এমন অভিযোগ আনা ডাচ তরুণীকে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক স্থাপণের দায়ে উল্টো সাজা দিয়েছে কাতারের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 07:54 PM

Updated : 12 Apr 2022, 02:15 AM

সোমবার আদালত ২২ বছর বয়সী ওই তরুণীকে স্থগিত কারাদণ্ড এবং ৮২৪ মার্কিন ডলার জরিমানা করে। তাকে দেশ থেকে বের করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

ওই তরুণী যে ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিল তাকেও বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপণের দায়ে ১০০ দোররা মারার আদেশ দিয়েছে আদালত।

মদ্যপানের অভিযোগে তাকে আরো ৪০ দোররা মারার আদেশ দেওয়া হতে পারে।

প্রায় তিন মাস আগে ডাচ ওই তরুণীকে আটক করা হলেও বিষয়টি গোপনেই ছিল। কিন্তু গত সপ্তাহে তরুণীর পরিবার ঘটনাটি জনসম্মুখে আনার সিদ্ধান্ত নেয়।

তরুণীর আইনজীবীর দাবি, মদ্যপানের অনুমোদন আছে দোহার এমন একটি হোটেলে যাওয়ার পর তরুণীকে মদের সঙ্গে চেতনানাশক কিছু খাইয়ে দেওয়া হয়।

“জ্ঞান ফেরার পর আমার মক্কেল নিজেকে একটি অচেনা অ্যাপার্টমেন্টে আবিষ্কার করেন এবং ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি বুঝতে পারেন।”

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ধর্ষণের অভিযোগ নিয়ে ১৫ মার্চ ওই তরুণী পুলিশের কাছে গেলে পুলিশ উল্টো তাকেই আটক করে। যে ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে তাকেও গ্রেপ্তার করে পুলিশ।

যদিও ওই ব্যক্তির দাবি, পারস্পরিক সম্মতিতেই মিলিত হয়েছিলেন তারা।

আদালতের রায় জানার পর কাতারে অবস্থিত ডাচ রাষ্ট্রদূত ইয়াভেত্তে বুরঘ্রায়েফ-ভন বলেন, “আমরা যত দ্রুত সম্ভব ওই তরুণীকে এই দেশ থেকে বের করার এবং যেখানে সে যেতে চায় সেখানে পাঠানোর ব্যবস্থা করবো।”

এ বিষয়ে আদালতের একজন কর্মকর্তা বলেন, জরিমানার অর্থ পরিশোধ করার পরই কেবল ওই তরুণী কাতার ত্যাগ করতে পারবেন।

পুরনো খবর:

কাতারে ধর্ষণের অভিযোগ এনে কারাগারে ডাচ তরুণী