অবৈধ রেস: দুবাইয়ে ৮১টি গাড়ি আটক
রাজপথে অবৈধ রেসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবাই পুলিশ ৮১টি বিলাসবহুল গাড়ি আটক করেছে।
পুলিশের বরাতে বিবিসি বলছে, সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘ ও সোজা মহাসড়কগুলোতে এসব গাড়ি নিয়ে অবৈধ রেসে মাতে গতিপাগল তরুণেরা। কখনো কখনো তারা গাড়ির গতি ঘণ্টায় তিনশ কিলোমিটারের কাছাকাছি নিয়ে যায়।
গাড়িগুলোকে যেন চিহ্নিত করা না যায় সে উদ্দেশ্যে রেসের সময় গাড়িগুলোর নম্বর প্লেট খুলে রাখা হতো।
এসব গাড়ি আটকের কারণে ওই সব অবৈধ রেস অতীতের বিষয়ে পরিণত হবে বলে আশা করছে দুবাই পুলিশ।
আটক গাড়িগুলোর প্রত্যেকটির চালককে ২৭ হাজার ডলার করে জরিমানা করা হবে বলে ধারণা করা হচ্ছে। আর প্রত্যেক গাড়ি মালিককে দিতে হবে ১৩,৫০০ ডলার।
দুবাই পুলিশের প্রধান মেজর জেনারেল খামিস আল মাজিনাহ বলেন, “টহল ট্র্যাফিক উল্লেখযোগ্য সংখ্যক বেপরোয়া চালককে অনুসরণ করে ৮১টি গাড়ি জব্দ করেছে।”
তিনি জানিয়েছেন, এসব গাড়ির মালিকেরা তাদের গাড়িগুলো অবৈধ রেসের জন্য ব্যবহার করতো বা ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছিল।
তিনি বলেন, “বেপরোয়া গাড়ি চালিয়ে রাস্তা ব্যবহারকারী অন্যান্য গাড়িগুলোকে বিপদগ্রস্ত করার কারণে এসব গাড়ি আটক করা হয়েছে।”
তিনি জানান, পেট্রল পুলিশের হাত থেকে বাঁচার চেষ্টায় কয়েকজন চালক ঘণ্টায় প্রায় তিনশ কিলোমিটার বেগে (১৯৬ মাইল/ঘণ্টা) গাড়ি চালিয়েছেন।
গাড়িগুলোর মালিকেরা আগামী তিন মাসের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ না করলে গাড়িগুলো পুলিশ বিক্রি করে দিতে পারবে বলে জানিয়েছে খালিজ টাইমস সংবাদপত্র।
সম্পদশালী এই দেশটিতে বিলাসবহুল গাড়ি অত্যন্ত জনপ্রিয়। এমনকি দেশটির পুলিশ বাহিনীও ল্যাম্বোরগিনি, পোর্শে ও অ্যাস্টন মার্টিনের মতো বিলাসবহুল গাড়ি ব্যবহার করে।
দেশটির পরিবহন কর্মকর্তারা জানিয়েছেন, গেল বছর দুবাইয়ের গাড়ির সংখ্যা আগের আট বছরের দ্বিগুণ পরিমাণ বেড়েছে।
এতে শহরটির বাসিন্দারা মাথাপিছু গাড়ির সংখ্যায় নিউ ইয়র্ক, লন্ডনের মতো শহরকেও পেছনে ফেলেছেন বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা।
