২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের অলিম্পিক ভেন্যুর পানিতে ‘সুপার ব্যাক্টেরিয়া’

ব্রাজিলের রিও ডি জেনেরিয়ো শহরের সৈকতগুলো ও একটি ল্যাগুনের পানিতে ওষুধ-প্রতিরোধী মারাত্মক ‘সুপার ব্যাক্টেরিয়া’ পাওয়া গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Jun 2016, 02:27 PM

Updated : 12 Apr 2022, 02:15 AM

রিও-র ওই সৈকতগুলোতে অলিম্পিক সাঁতারের কয়েকটি ইভেন্ট ও ল্যাগুনটিতে রোয়িং ও ক্যানোর ইভেন্টগুলো হওয়ার কথা রয়েছে।

চলতি বছরের ৫ অগাস্ট বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া প্রতিযোগিতাটি রিও ডি জেনেরিয়োতে শুরু হওয়ার কথা রয়েছে।

দুটি অপ্রকাশিত গবেষণা প্রবন্ধে এই প্রাপ্তিগুলোর বিষয়ে আলোকপাত করা হয়েছে, যা বার্তা সংস্থা রয়টার্সের গোচরে এসেছে।

যু্ক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) গবেষণায় প্রথম সুপার ব্যাক্টেরিয়া শনাক্ত হয়। এসব ব্যাক্টেরিয়াকে জনস্থাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে বর্ণনা করা হয়েছে।

রিও-র সবচেয়ে জনপ্রিয় ওই পর্যটন স্থানগুলোতে এসব জীবাণু পাওয়ায় প্রবন্ধগুলোতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সাধারণত শুধু হাসপাতালগুলোতে যে ধরনের জীবাণু পাওয়া যায় ওই এলাকাগুলোতে সে ধরনের জীবাণু সংক্রমণের আশঙ্কাও আছে বলে এতে বলা হয়েছে।

প্রবন্ধে রিও-র পয়ঃনিষ্কাশন নালাগুলোর সঙ্গে কোথাও কোথাও পানি সরবরাহ লাইনের সংযোগ ঘটে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেগুলোকে অনিরাপদ বলে মন্তব্য বলা হয়েছে।

২০১৪ সালের শেষ দিকে প্রকাশিত এক গবেষণা ফলাফলেও গুয়ানাবারা উপসাগরের কয়েকটি সৈকতে সুপার ব্যাক্টেরিয়ার উপস্থিতির কথা বলা হয়েছিল। ওই উপকূলগুলোতে অলিম্পিকের নৌচালনা ও উইন্ড-সার্ফিং ইভেন্টগুলো আয়োজনের কথা রয়েছে।

নতুন করা গবেষণা দুটির প্রথমটি সেপ্টেম্বরে করা হয়েছে। এতে সান ডিয়াগোর অ্যান্টিমাইক্রোবাল এজেন্টস্ এন্ড কেমোথেরাপি ইন্টারসায়েন্স কনফারেন্সের বিজ্ঞানীরা ২০১৪ সালে করা গবেষণাটি যাচাই করে দেখেছেন।

তারা দেখতে পান রিও কোপাকাবানা সৈকতসহ বিখ্যাত পাঁচটি সৈকতে এই জীবাণুগুলোর উপস্থিতি আছে। এসব সৈকতে অলিম্পিকের ওপেন-ওয়াটার ও ট্রাইথালন সাঁতারগুলো হওয়ার কথা। 

অন্য চারটি সৈকত হল ইপানেমা, লেবলন, বোতাফোগো ও ফ্লামেঙ্গো।

দ্বিতীয় গবেষণাটি করেছে ব্রাজিলের কেন্দ্রীয় সরকারের ওসওয়াল্ডো ক্রুজ ফাউন্ডেশন ল্যাব। এই গবেষণা ফলাফল আগামী মাসে আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি প্রকাশ করবে।

এতে রিওর কেন্দ্রস্থলে অবস্থিত রডরিগো দে ফ্রেইতাস ল্যাগুনে সুপার ব্যাকটেরিয়ার জিন পাওয়া গেছে। এছাড়া গুয়ানাবারা উপসাগরে গিয়ে পড়া একটি নদীতেও একই ধরনের জীবাণু পাওয়া গেছে।

রিও-র অসংখ্য হাসপাতাল, হাজার হাজার বাড়িঘর থেকে আসা বর্জ্য ড্রেনপথে স্থানীয় নদী ও ঝর্ণাগুলোতে গিয়ে পড়ে। এভাবেই শহরের হাসপাতালগুলো থেকে সাম্প্রতিক বছরগুলোতে সুপার ব্যাক্টেরিয়াগুলো বাইরে ছড়িয়ে পড়েছে।

এসব সুপার ব্যাক্টেরিয়ার কারণে মেনিনজাইটিসসহ মূত্রাশয়ের, গ্যাস্টোইনটেস্টিনাল, পালমোনারি এবং রক্তনালীর কঠিন সংক্রমণ হতে পারে। গবেষণায় দেখা গেছে এই ব্যাক্টেরিয়ার মাধ্যমে আক্রান্ত অর্ধেকেরও বেশি রোগী মারা যায়।