শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়ার লোম্বোক
উপকূলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার লোম্বোক দ্বীপ। তবে এতে কোনো সুনামি হয়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টা ১৩ মিনিটে ভূমিকম্পটি হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
লোম্বোকের ২৩৪ কিলোমিটার দক্ষিণে ভূ-পৃষ্ঠ থেকে ২৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে ইউএসজিএস।
ভূমিকম্পের কারণে সুনামি আতঙ্কে ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে থাকা পর্যটকেরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে ভূমিকম্পের পর কোনো সুনামির সতর্কতা জারি না করায় কিছুক্ষণ পরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ পর্যবেক্ষণ সংস্থার (বিএনপিবি) এক মুখপাত্র সুতোপো পুরবো নাগরোহো জানিয়েছেন, তিন থেকে চার সেকেন্ড ধরে অনুভূত হওয়া ভূমিকম্পটি শক্তিশালী ছিল। তবে এটি সুনামি সতর্কর্তা জারির কারণ হয়নি।
লোম্বোকের এক প্রত্যক্ষদর্শী বলেন, “ভূমিকম্পটি বেশ কিছুক্ষণ ধরে অনুভূত হয়েছে। আতঙ্কিত লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে চলে আসে।”
