এক বানরের বাঁদরামিতে ৩ ঘণ্টা অন্ধকারে গোটা দেশ
দুষ্টু বানরের বাঁদরামিতে তিনঘণ্টারও বেশি সময় অন্ধকারে ঢাকা পড়েছিল গোটা কেনিয়া। মঙ্গলবার বানরটি একটি পাওয়ার স্টেশনের ছাদে উঠে ট্রান্সফরমারের ভেতর পড়ে গেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ চলে যায়, খবর রয়টার্স।
মঙ্গলবার বিকালে বিদ্যুৎ উৎপাদন কোম্পানি কেনজেন-র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “একটি বানর কেনিয়ার মধ্যাঞ্চলের গিতারু পাওয়ার স্টেশনের ছাদে উঠে এবং একটি ট্রান্সফরমারের উপর পড়ে গিয়ে সেটার ভেতর আটকে যায়।”
“এ কারণে স্টেশনের অন্যান্য যন্ত্রপাতি ঠিকমত কাজ করতে পারেনি। যার ফলে প্ল্যান্টটি থেকে প্রায় ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হয়। এতে ওভারলোডের কারণে শেষ পর্যন্ত সারা দেশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।”
তিন ঘণ্টারও বেশি সময় পর বিদ্যুৎ ব্যবস্থা পুনরায় সচল হয়। বানরটিকে ট্রান্সফরমারের ভেতর থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানায় কেনজেন কর্তৃপক্ষ।
কোম্পানির পক্ষ থেকে এ দুর্ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে এবং বলা হয়েছে, এ ধরনের দুর্ঘটনা এড়াতে পুরো বিদ্যুৎ কেন্দ্রটি বিদ্যুৎবাহী তার দিয়ে ঘেরা রয়েছে।
