২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় ঝড়বৃষ্টি-বন্যায়  ৩ জনের মৃত্যু

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ব্যাপক ঝড়বৃষ্টিতে নদীর পানি উপচে সৃষ্ট বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে ও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 05:08 PM

Updated : 12 Apr 2022, 02:12 AM

শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটির নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও তাসমানিয়ায় ঝড়ের তাণ্ডব চলছিল বলে জানিয়েছে বিবিসি।

প্রবল ঝড়ে সাগরে সৃষ্ট ঢেউয়ের আঘাতে সিডনির কোলারয় সৈকতের বিলাসবহুল বাড়িগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে, বহু ব্যয়ে নির্মিত এসব ঘরবাড়ি যে কোনো মূহুর্তে ধসে পড়তে পারে।

তাসমানিয়ার সাতটি নদীর পানি উপচে বড় ধরনের বন্যা হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। সেখানে দুজন বৃদ্ধ ডুবে মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার নিজের বাড়ির পেছন থেকে এক ব্যক্তি আউস নদীর স্রোতে ভেসে গেছেন বলে খবর পাওয়া গেছে। রাজ্যটির উত্তর-পশ্চিম এলাকার একটি বাড়ি বন্যার পানিতে ডুবে গেলে অপর এক নারী নিখোঁজ হন।

এছাড়া, সিডনির বন্ডি সৈকতে ঢেউয়ের ঝাপটায় অপর এক ব্যক্তি ভেসে গেছেন, তার খোঁজে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।

সোমবার সকালে ক্যানবেরার কাছে কোটার নদীতে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। ৩৭ বছর বয়সী এই ব্যক্তি একটি নদীর পার হওয়ার সময় বন্যার পানিতে তলিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

অপর দুটি ঘটনায় নিউ সাউথ ওয়েলসের দুটি সড়ক থেকে বন্যার পানির তোড়ে দুটি গাড়ি ভেসে যায়। পরে গাড়ি দুটির দুই চালাকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এদের মধ্যে বোরাল এলাকায় বন্যার পানি অতিক্রম করার সময় ৬৫ বছর বয়সী এক ব্যক্তি পানিতে ভেসে যাওয়া নিজ গাড়িতে আটকা পড়ে মারা যান, অপরজনের এসইউভিটি বন্যার পানিতে ভেসে গেলে তার মৃত্যু হয়।