২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিগ্রো’, ‘ওরিয়েন্টাল’ আর নয়

যুক্তরাষ্ট্রের সরকারি নথিপত্রে এশিয়ান বংশোদ্ভূত নাগরিকদের পরিচয় এখন থেকে ‘ওরিয়েন্টাল’র বদলে লেখা হবে ‘এশিয়ান আমেরিকান’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 03:17 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা ২৩ মে এ সংক্রান্ত আইনে স্বাক্ষর করেন, যাতে ‘ওরিয়েন্টাল’র সঙ্গে ‘নিগ্রো’ শব্দটিও বদলে ফেলার নির্দেশনা রয়েছে।

এতে বলা হয়, আফ্রিকা মহাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আগত ব্যক্তি ও তাদের বংশধরদের নতুন পরিচয় হবে ‘আফ্রিকান আমেরিকান’।

নতুন এ আইনে সব সরকারি নথিতে ‘হিসপ্যানিকদের’ ‘স্প্যানিশ স্পিকিং’, ‘ন্যাটিভ আমেরিকানদের’ ‘ইন্ডিয়ান’ এবং ‘এস্কিমো’ ও ‘এ্যলিউট’ এর জায়গায় ‘আলাস্কা ন্যাটিভ’ লেখার নির্দেশনা রয়েছে।

নতুন এ আইনকে স্বাগত জানিয়েছেন কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের সদস্য গ্রেস মেং।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওরিয়েন্টাল, নিগ্রোর মত শব্দগুলো এখন থেকে জাদুঘরে চলে গেল। আধুনিক সময়ে এ ধরনের অপমানজনক শব্দ ব্যবহার বন্ধ হওয়া উচিত।”

গ্রেস মংই গত ফেব্রুয়ারিতে কংগ্রেসে জাতিসত্ত্বার পরিচয় নির্দেশক এসব শব্দ বদলানোর বিল আনেন। মে মাসে সিনেট বিলটি অনুমোদন ও সম্প্রসারিত করে চূড়ান্ত স্বাক্ষরের জন্য প্রেসিডেন্টের কাছে পাঠায়।

২০০৯ সালে নিউ ইয়র্কের অ্যাসেম্বলি সদস্য থাকার সময় মেং ওই রাজ্যের সব নথি থেকে ‘ওরিয়েন্টাল’ শব্দ সরিয়ে দেওয়ার বিল এনেছিলেন।