২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুহাম্মাদ আলির মৃত্যু ‘সেপটিক শকে’

কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলি ‘সেপটিক শক’-এ মারা গেছেন বলে জানিয়েছে তার পরিবার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 03:03 PM

Updated : 12 Apr 2022, 02:12 AM

‘নির্ণয় করা যায়নি এমন প্রাকৃতিক কারণে’ এই ‘সেপটিক শক’ হয় বলে পরিবারটির দেওয়া এক বিবৃতির বরাতে জানিয়েছে বিবিসি।

‘সর্বকালের সেরা’ এই বক্সার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের একটি হাসপাতালে শুক্রবার মারা যান। শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন তিনি।

তিনবারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন ৭৪ বছর বয়সী আলি অনেকদিন ধরেই পারকিনসন্স রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় আলির স্ত্রী ও সন্তানরা তার পাশে উপস্থিত ছিলেন। আলি তাদের কাছ থেকে ‘শেষ বিদায়’ নেন বলে পারিবারিক মুখপাত্র জানিয়েছেন।

১৯৮১ সালে বক্সিং থেকে অবসর নেওয়ার তিন বছর পর থেকেই পারকিনসন্স রোগে ভুগছিলেন তিন বারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন আলি। গত কয়েক বছর ধরে তার অবস্থার অবনতি হয়।

২০১৪ সালের ডিসেম্বরে ফুসফুসের সমস্যা নিয়ে একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন আলি। ২০১৫ সালের জানুয়ারিতে মূত্রঘটিত সংক্রমণের জন্য আবার হাসপাতালে আনা হয়েছিল তাকে।

গত এপ্রিলে পারকিনসন্স সেন্টারকে সহায়তার জন্য অ্যারিজোনায় আয়োজিত ‘সেলেব্রিটি ফাইট নাইট-এ সবশেষ জনসমক্ষে এসেছিলেন আলি।

কেন্টাকির লুইসভিল শহরে আগামী শুক্রবার তার শেষকৃত্যে সব ধর্মের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে মুখপাত্র বব গানেল জানিয়েছেন।

“তিনি ছিলেন বিশ্বনাগরিক; তাই সব মত-পথের সদস্যরা শেষকৃত্যে থাকবেন, এটাই ছিল তার চাওয়া”, বলেন তিনি।

কিংবদন্তি এ ক্রীড়াব্যক্তিত্বের মৃত্যুতে শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

আলির স্ত্রীকে সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, সারা বিশ্ব তাকে যেভাবে স্মরণ করছে, তাতেই তার বর্ণিল জীবন সম্পর্কে বোঝা যায়।

দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনও মুহাম্মাদ আলির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।