২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিরোশিমায় ক্ষমা চাইব না: ওবামা

হিরোশিমায় ঐতিহাসিক সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার জাপানিদের কাছে ক্ষমা চাওয়ার দাবির প্রেক্ষিতে তা ‘নাকচ’ করে দিয়ে তিনি বলেছেন, “আমি হিরোশিমায় ক্ষমা চাইব না।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2016, 08:20 PM

Updated : 12 Apr 2022, 02:06 AM

২৭ মে তে হিরোশিমার নির্ধারিত সফরের কয়েকদিন আগেই জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে’র সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে ওবামা একথা বলেন।

তিনি বলেন, যেকোন যুদ্ধের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সে সময়ের নেতারা নিয়ে থাকেন। আর আমার হিরোশিমার সফর মূলত অতীতে ফিরে যাওয়া নয়।

ইতিহাসবিদদেরও চাওয়া ছিল হিরোশিমায় যাওয়ার। গত সাড়ে সাত বছর ধরে একজন নেতা হওয়ার পরও এ ধরনের সিদ্ধান্ত নিতে আমার অনেক সময় লেগেছে।

এর আগে গত সপ্তাহে হোয়াইট হাউজের কর্মকর্তারা হিরোশিমায় মার্কিন প্রেসিডেন্টের সম্ভব্য সফর ঘোষণার পর সেখানকার স্থানীয় বাসিন্দারা কয়েক দফা বিক্ষোভ দেখিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের ছুড়ে দেয়া পারমাণবিক বোমা হামলার জন্য ওবামার কাছে ক্ষমা প্রার্থনা দাবি করে।

রাজধানী টোকিওতে গত বুধবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেঁচে থাকা কয়েকজন এক সংবাদ সম্মলনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করে ওবামাকে এর জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।

এনএইচকে’ কে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, সারা বিশ্বে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে আমি গত কয়েক বছর ধরে প্রচার চালিয়ে আসছিলাম। এর একটি গু্রুত্বপূর্ণ অগ্রগতিও হয়েছে। প্রধান প্রধান দেশগুলোও পারমাণবিক অস্ত্র ব্যবহারে বিরত থাকতে ঐকমত্যে পৌঁছেছেন।

বলতে গেলে জাপানে আমার সফর মূলত পারমাণবিক অস্ত্র ব্যবহারে নিরুৎসাহিত করা।

তবে তিনি বলেন, পারমাণবিক অস্ত্র বিরোধী এ অভিযানে রাশিয়াকে আন্তরিক হওয়ার চেষ্টা করেও আমি পারিনি। তারা আমার আহ্বানে সাড়া দেয়নি।

গত বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭০ বছর পূর্তি অনুষ্ঠানে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভুল পদক্ষেপের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আর তা নিয়ে দেশের মধ্যে বেশ সমালোচনা হয়।

তবে ওবামার সফরে হিরোশিমার সফরে স্থানীয় এলাকবাসী যুক্তরাষ্ট্রের ক্ষমা চাওয়ার দাবি তুলেছে। এর আগে হিরোশিমার মেয়র কাজুমি মাসুরি বলেন, এটি যুক্তরাষ্ট্র সরকারের ঐতিহাসিক সফর। আমরা চাই, ওবামা হিরোশিমায় পারমাণবিক বোমা হামলায় বেঁচে থাকা মানুষদের কাছে ক্ষমা চাইবেন।

তবে এই বিষয়টি মঙ্গলবার নাকচ করে দিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, বিষয়টা মূখ্য নয়, তিনি (ওবামা) হিরোশিমায় যাচ্ছেন এটিই অনেক গুরুত্ব বহন করে।

একই ধরনের মন্তব্য করেছেন হোয়াট হাউজের মুখপাত্র বেন রড্রিস। তিনি বলেন, প্রেসিডেন্ট ও তার দল এ সফরে খোলামেলাভাবে ইতিহাস থেকে শিক্ষা নেবেন যা ভবিষৎ প্রজন্মের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আর ওবামার এ সফর পারমাণবিক অস্ত্র ব্যবহার বিরোধী অভিযানের অংশ।

১৯৪৫ সালের ৬ অগাস্ট হিরোশিমায় যুক্তরাষ্ট্রের ছুড়ে দেয়া পারমাণবিক বোমায় ১ লাখ ৪০ হাজার মানুষ মারা যায়। এর তিন দিন পর নাগাশাকিতে আরও একটি বোমায় ৭৪ হাজার মানুষ মারা যায়।