ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে নিহত ৭
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে মাউন্ট সিনাবুং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অন্তত সাতজন নিহত হয়েছেন।
শনিবারের এ প্রাকৃতি দুর্যোগে আহত আরও দুইজনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তারা।
ঘটনাস্থলে জীবিতদের খোঁজে সেনাবাহিনী ও পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছেন তারা।
ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে দুই হাজার ৪৬০ মিটার (৮,০৭০ ফুট) উচ্চতার সিনাবুং অন্যতম। ২০১৪ সালে সিনাবুংয়ের অগ্ন্যুৎপাতে ডজনেরও বেশি লোক নিহত হওয়ার পর কয়েক হাজারা লোককে সরিয়ে নেওয়া হয়েছিল।
সাম্প্রতিক সময়ে সক্রিয় হওয়ার চারশ বছর আগে আগ্নেয়গিরিটি থেকে শেষ অগ্ন্যুৎপাত হয়েছিল বলে জানা গেছে।
২০১৪ সালের অগ্ন্যুৎপাতের ঘটনার পর সিনাবুং জ্বালামুখের আশপাশের বেশ কয়েকটি এলাকাকে ‘বিপজ্জনক’ বলে ঘোষণা করেছিল ইন্দোনেশীয় সরকার। এবারের ঘটনায় হতাহত নয়জনকে যে এলাকায় পাওয়া গেছে সেই গাম্বের গ্রামটিও নিষিদ্ধ এলাকার অন্তর্ভূক্ত ছিল।
জাতীয় দুর্যোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিএনপিবি) মুখপাত্র সুতপো পুরবো নুগরহো রোববার এক বিবৃতিতে বলেছেন, “গাম্বেরে কতোজন ছিলেন তা এই মূহুর্তে পরিষ্কার করে বলা সম্ভব না। কারণ আগ্নেয়গিরিটির উদগিরণের সময় ওই এলাকায় কারো থাকার কথা ছিল না।”
রাজধানী জাকার্তা থেকে এক হাজার ৯০০ কিলোমিটার দূরের আগ্নেয়গিরিটি থেকে রোববারও উত্তপ্ত ছাই উদগিরণ অব্যাহত ছিল বলে জানিয়েছে বিএনপিবি। এতে সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো বিপদজনক হয়ে উঠেছে বলে জানিয়েছে সংস্থাটি।
প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’-র (রিম অব ফায়ার) উপর অবস্থিত ইন্দোনেশিয়ায় ১২০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি আছে।
