মিশরীয় উড়োজাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
প্যারিস থেকে ৬৬ জন আরোহী নিয়ে কায়রোর পথে থাকা ইজিপ্টএয়ারের একটি উড়োজাহাজের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
মিশরীয় বিমান পরিবহন সংস্থাটি এক টুইটে এ খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।
ইজিপ্টএয়ার বলছে, তাদের ফ্লাইট এমএস৮০৪ এ ৫৬ জন যাত্রী ও দশজন ক্রু রয়েছেন। শেষবার যখন রেডারে উড়োজাহাজটি দেখা যায়, তখন সেটি পূর্ব ভূমধ্যসাগরের ওপর দিয়ে ৩৭ হাজার ফুট উচ্চতায় উড়ছিল।
মিশরের আকাশসীমা থেকে ১০ মাইল দূরে কায়রোর স্থানীয় সময় বুধবার রাত ২টা ৪৫ মিনিটে (বাংলেদেশ সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫) উড়োজাহাজটি রেডার থেকে অদৃশ্য হয়ে যায় বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।
উড়োজাহাজটির আরোহীদের মধ্যে ৩০ জন মিশরীয়, ১৫ জন ফরাসি, একজন ব্রিটিশ, দুজন ইরাকী ছাড়াও কানাডা, কুয়েত, বেলজিয়াম, সৌদি আরব, আলজেরিয়া, সুদান, শাদ ও পর্তুগালের নাগরিক রয়েছেন।
মিশরের রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থার এয়ারবাস এ৩২০ উড়োজাহাজটি ফ্রান্সের শার্ল দা গল বিমানবন্দর ছাড়ে বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৯ মিনিটে। কায়রোর স্থানীয় সময় রাত ২টা ৫৫ মিনিটে ওই ফ্লাইটের অবতরণ করার কথা ছিল।
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে পাইলটের সর্বশেষ যোগাযোগ হয় রেডার থেকে উধাও হয়ে যাওয়ার মিনিট দশেক আগে।
বিমানের ইমার্জেন্সি ডিভাইস থেকে একটি বিপদ সংকেত পাঠানো হয়েছিল বলে ইজিপ্টএয়ারের এক টুইটে জানানো হয়েছে।
মিশরের সিভিল এভিয়েশন দপ্তরের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স লিখেছে, বিমানটি সাগরে বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে তারা আশঙ্কা করছেন। তবে ইজিপ্টএয়ারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি।
সাগরের যে অংশের ওপর থেকে উড়োজাহাজটি নিখোঁজ হয়েছে, সেদিকে তল্লাশি শুরু করেছে মিশরের নৌবাহিনী।
মিশর সরকার জানিয়েছে, তল্লাশি অভিযানের বিষয়ে গ্রিস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে তারা।
গত মার্চে ইজিপ্টএয়ারের একটি উড়োজাহাজ ছিনতাই করে সাইপ্রাসে নিয়ে যাওয়া হয়। ওই ছিনতাইকারী পরে ধরা দেন, জিম্মি যাত্রীরা সবাই অক্ষত অবস্থায় মুক্তি পান।
তার আগে অক্টোবরে সিনাইয়ের শার্ম আল-শাইখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ যাওয়ার পথে একটি রুশ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ২২৪ আরোহীর সবাই নিহত হন। মস্কোর পক্ষ থেকে পরে বলা হয়, বিস্ফোরণ ঘটিয়ে ওই বিমান বিধ্বস্ত করা হয়। আইএস জঙ্গিরা এর দায়ও স্বীকার করে।
