নাইজেরিয়ায় অপহৃত চিবোক নারীদের একজন উদ্ধার
দুই বছর আগে নাইজেরিয়ার চিবোক শহরের একটি স্কুল থেকে অপহৃত দুই শতাধিক ছাত্রীর একজনকে খুঁজে পাওয়া গেছে।
নাইজেরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নারী অধিকারকর্মী হাওয়া আব্দু বিবিসি’কে এত তথ্য নিশ্চিত করেছেন।
২০১৪ সালের এপ্রিলে জঙ্গি দল বোকো হারাম চিবোকের উত্তর-পূর্বাঞ্চলের একটি সরকারি মাধ্যমিক স্কুলে হানা দিয়ে সেখানে থাকা ২৭৬ জন ছাত্রীকে একটি লরিতে তুলে নিয়ে যায়।
নিয়ে যাওয়ার সময় কয়েকজন ছাত্রী লরি থেকে লাফিয়ে পড়ে পালাতে সক্ষম হলেও তখন থেকেই ২১৯ জন ছাত্রী নিখোঁজ রয়েছে।
এ ঘটনা আন্তর্জাতিক বিশ্বকে প্রচণ্ডভাবে নাড়া দিলেও তাদের কোনও সন্ধান বের করতে পারেনি নাইজেরিয়া সরকার।
বুধবার বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, উদ্ধার ছাত্রীর নাম আমিনা আলি এনকেক। স্থানীয় ব্যক্তিদের নিয়ে গঠিত একটি নিরাপত্তা দল মঙ্গলবার ক্যামেরুন সীমান্তবর্তী সামবিসা জঙ্গলে তাকে খুঁজে পায়।
সিভিলিয়ান জয়েন্ট টাস্ক ফোর্সের (জেটিএফ) একজন যোদ্ধা আমিনাকে চিনতে পারেন। বোকো হারামের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করার জন্য জেটিএফ গঠন করা হয়েছে।
চিবোকের দক্ষিণের এমবালালা শহরে আমেনার বাড়ি। অপহরণ হওয়া ছাত্রীদের মধ্যে ২৫ জনের বাড়ি এই শহরে।
এমবালালার একজন বাসিন্দা বিবিসি’কে বলেন, আমেনাকে একটি শিশুসহ খুঁজে পাওয়া গেছে।
২০১৬ সালের এপ্রিলে সিএনএন এ প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, অপহৃত স্কুল ছাত্রীদের মধ্যে কয়েকজন এখনও জীবিত আছে।
ভিডিওতে কালো রঙ এর ঢিলেঢালা পোশাক পরা ১৫টি মেয়েকে দেখা যায়। তারা বলে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছে। কিন্তু তারা পরিবারের কাছে ফিরে যেতে চায়।
ধারণা করা হয়, ওই ভিডিওটি ২০১৫ সালের বড়দিনে ধারণ করা।
ভিডিওতে থাকা কয়েকটি মেয়েকে তাদের বাবা মা’য়েরা সনাক্ত করতে সক্ষম হয়।
