নেপালে সংখ্যালঘুদের সমাবেশে যোগ দেওয়ায় ব্রিটিশ নাগরিক গ্রেপ্তার
নেপালের নয়া সংবিধানের বিরুদ্ধে হওয়া এক প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের একজন নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।
দেশটির সংখ্যালঘু মাধেসি সম্প্রদায়ের মানুষদের আয়োজিত ওই প্রতিবাদ সমাবেশে ৪১ বছর বয়সী মার্টিন ত্রাভার্সের অংশ নেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা যাদব কৈরালা জানিয়েছেন।
সোমবার রাজধানী কাঠমান্ডুতে প্রতিবাদ সমাবেশ চলাকালে ব্রিটিশ এই নাগরিককে গ্রেপ্তার করা হয়।
যুক্তরাজ্যের পররাষ্ট্র এবং কমনওয়েলথ কার্যালয় জানিয়েছে, গ্রেপ্তার ব্রিটিশ নাগরিককে কনস্যুলার থেকে সহায়তা দেওয়া হচ্ছে।
ওই কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, “১৬ মে সিংহ দরবারে প্রতিবাদ সমাবেশ থেকে গ্রেপ্তার একজন ব্রিটিশ নাগরিককে আমরা সহায়তা দিচ্ছি।”
কৈরালা বলেন, ওই প্রতিবাদ সমাবেশের সঙ্গে কোনো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে ত্রাভার্সের ভিসা বাতিল করে তাকে নেপাল ত্যাগের নির্দেশ দেওয়া হতে পারে।
তিনি আরো বলেন, ত্রাভার্স দাবি করেছেন, তাকে ওই সমাবেশ যোগ দিতে বাধ্য করা হয়েছিল। তার এই বক্তব্য সত্য প্রমাণিত হলে তাকে ছেড়ে দেওয়া হবে।
নেপালের নতুন সংবিধানে তাদের যথাযথ প্রতিনিধিত্ব নেই দাবি করে সংবিধানে পরিবর্তন আনার দাবিতে আন্দোলন করে আসছে নেপালের সংখ্যালঘু নৃগোষ্ঠীগুলো।
ভারত সীমান্তের তরাই অঞ্চলে বসবাসকারী সংখ্যালঘু মাধেসিরাও নতুন সংবিধানে তাদের অধিক প্রতিনিধিত্বের দাবিতে আন্দোলন করে আসছে।
