হংকংয়ের দাবি শুনবেন শীর্ষ চীনা কর্মকর্তা
হংকংবাসীদের রাজনৈতিক উদ্বেগের বিষয়গুলো আমলে নেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে হংকংয়ে বিরল সফর করছেন চীনের শীর্ষস্থানীয় কর্মকর্তা ঝ্যাং দেজিয়াং।
রাজনীতি নিয়ে হংকংবাসীদের উদ্বেগ ছাড়াও জোরদার হতে থাকা বৃহত্তর স্বায়ত্বশাসনের দাবি এমনকি চীনা মূল ভূখণ্ড থেকে হংকংয়ের স্বাধীনতা পর্যন্ত সব দাবিই শুনবেন বলে বিমানবন্দরে সাংবাদিকদের জানিয়েছেন ঝ্যাং।
চীনের হংকং এবং ম্যাকাও বিষয়ক দফতরের দায়িত্বে আছেন ঝ্যাং দেজিয়াং। তিনি আনুষ্ঠানিকভাবে একটি অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে হংকং গেছেন।
২০১৪ সালে স্বায়ত্বশাসনের দাবিতে হংকংয়ের ছাত্র আন্দোলন চরম আকার ধারণ করার পর এই প্রথম চীনের এত শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তা হংকং সফর করছেন।
হংকং বিমানবন্দরে ঝ্যাং সাংবাদিকদের বলেন, “কিভাবে দেশ ও হংকংয়ের উন্নয়ন আরও গতিশীল করা যায় সে বিষয়ে সমাজের প্রতিটি বিভাগের পরামর্শ ও দাবির কথা আমি শুনব।”
ঝ্যাংয়ের সফর নিয়ে হংকংয়ে উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ এড়াতে ফুটপাতের ইটগুলোকেও আঁটসাঁট করা হয়েছে।
দুই বছর আগে গণতন্ত্রকামী আন্দোলনকারীরা হংকংয়ের একটি পাহাড়ের চূড়ায় একটি ব্যানার টাঙিয়েছিল, যা এখনও আছে। পুলিশ সেখানে একটি ক্যাম্প স্থাপন করেছে।
মঙ্গলবার সকাল থেকে অন্য একটি পাহাড়ের চূড়ায় ‘সত্য সার্বজনীন ভোটাধিকার’ দাবি করে লেখা একটি ব্যানার দেখা যাচ্ছে।
সম্প্রতি সেখানে সংগঠিত রাজনৈতিক দল ন্যাশনাল পার্টির প্রধান চ্যান হো-তিন বলেন, “আমাদেরকে চীনের বড় ধরনের হুমকি মোকাবেলা করতে হচ্ছে। আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের মানুষ…আমরা মারা যাচ্ছি।”
হংকংবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা কি চীনের একটি নগর হয়ে থাকতে চান? নাকি একটি স্বাধীন দেশের বাসিন্দা হতে চান? এখানে এই দুইটি ছাড়া আর অন্য কোনও কিছু বেছে নেওয়ার সুযোগ নেই।”
