২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে বিস্ফোরণে নিহত ৪

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি লরিতে বিস্ফোরক বোঝাই করতে গিয়ে বিস্ফোরণে সন্দেহভাজন চার কুর্দি বিদ্রোহী নিহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2016, 12:12 PM

Updated : 12 Apr 2022, 02:03 AM

দিয়ারবাকির জেলার সারিকামিসে এই বিস্ফোরণে আরও অন্ততপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে বিবিসি জানিয়েছে।

ধারণা করা হচ্ছে নিহতরা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্য।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সারিকামিসে একটি চুরি করা লরিতে বিস্ফোরক বোঝাই করার সময় দুর্ঘটনাবশত বিস্ফোরিত হয়।

মন্ত্রণালয়টি আরো জানিয়েছে, “প্রাথমিক তদন্তে দেখা গেছে, বিস্ফোরণে আহতরা সবাই সাধারণ নাগরিক।”

এরআগে বৃহস্পতিবার দিনের প্রথমভাগে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে সেনাদের অবস্থান লক্ষ্য করে চালানো গাড়িবোমা বিস্ফোরণে অন্ততপক্ষে আট ব্যক্তি আহত হয়েছেন।

ইস্তাম্বুলের গভর্নর ভাসিপ শাহিন জানান, গাড়িবোমা বিস্ফোরণে পাঁচ সেনা সদস্য এবং তিনজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

কোনো গোষ্ঠী এখনো পর্যন্ত ওই হামলার দায় স্বীকার করেনি।

সাম্প্রতিক মাসগুলোতে তুরস্কে কুর্দি বিদ্রোহী অথবা তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত প্রাণঘাতী হামলা চালানো হচ্ছে।

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে সংখ্যাগরিষ্ঠ কুর্দিদের ভূখণ্ডে স্বায়ত্বশাসনের দাবিতে লড়াই চালাচ্ছে পিকেকে।