২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ভার্জিনিয়ায় স্যান্ডার্সের কাছে হারলেন হিলারি

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় মনোনয়ন দৌড়ে ওয়েস্ট ভার্জিনিয়ার প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের কাছে হেরেছেন দলটির এগিয়ে থাকা মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 May 2016, 12:28 PM

Updated : 12 Apr 2022, 02:02 AM

মঙ্গলবার অনুষ্ঠিত প্রাইমারি ভোটে এই পরাজয়ে মনোনয়ন পাওয়ার পথে হিলারির অপেক্ষা আরো প্রলম্বিত হলো।

তবে এ পরাজয় সত্বেও আগামী ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার পথে হিলারিই এগিয়ে রয়েছেন। 

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়তে হলে হিলারিকে ওহিও ও পেনসালভানিয়ার মতো রাজ্যগুলোতে জয় পেতে হবে।

ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে ২,৩৮৩ ডেলিগেট সমর্থন প্রয়োজন হবে। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ৬৮ বছর বয়সী হিলারি ২,২২৮ ডেলিগেটের সমর্থন পেয়ে মনোনীত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন।

অপরদিকে স্যান্ডার্সের পক্ষে আছে ১,৪৮৩ ডেলিগেটের সমর্থন। 

১৭ মে এই দুই মনোনয়ন প্রত্যাশী আরেকটি প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে তাদের উভয়েরই চোখ ৭ জুনের প্রতিদ্বন্দ্বিতার দিকে। ওইদিনের ভোটাভুটির মাধ্যমে মনোনয়নের দীর্ঘ দৌড় শেষ হবে।

৭ জুনের প্রাইমারির মাধ্যমে ডেমোক্রেটিক পার্টির ৭০০ ডেলিগেটের সমর্থন নিশ্চিত হবে। শুধু ক্যালিফোর্নিয়াতেই আছে ৪৭৫ ডেলিগেট ভোট। স্যান্ডার্স এখন সেদিকেই তার সব মনোযোগ নিবদ্ধ করেছেন। 

২৫-২৮ জুলাই ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে দলটির প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করা হবে।

মঙ্গলবার ট্রাম্প ওয়েস্ট ভার্জিনিয়া ও নেব্রাস্কা অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রাইমারিতে জয় পেয়েছেন। রিপাবলিকান দলের এই সম্ভাব্য প্রার্থী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের সদস্য পার্টি নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

এই নেতাদের মধ্যে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ানও রয়েছেন, যিনি ট্রাম্পকে সমর্থন করেন না বলে জানিয়ে দিয়েছেন।