আলেপ্পোয় বাড়ছে মৃতের সংখ্যা, ত্রাণকর্মীরাও নিহত
সিরিয়ার আলেপ্পোয় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের হামলায় গত ২৪ ঘন্টায় ৮ শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছে।
দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস একথা জানিয়েছে।
অন্যদিকে, আলেপ্পোর ২৫ কিলোমিটার পশ্চিমে আতারেব শহরে ত্রাণকর্মীদের ওপর বিমান এবং রকেট হামলা হয়েছে বলেও জানায় সংগঠনটি। এতে ৫ ত্রাণকর্মী নিহত হয়।
সরকারি এবং বিদ্রোহী বাহিনীর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকা নিয়ে বিভক্ত শহর আলেপ্পো। অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্যমতে, সেখানে বিদ্রোহীদের বোমা হামলায় নিহত হয়েছে ১৯ জন এবং সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে ১১ জন।
ওদিকে, ত্রাণকর্মীরা সিরিয়া নাকি রাশিয়ার বোমা হামলার শিকার হয়েছে তা স্পষ্ট জানা যায়নি। সিরিয়া সরকার এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। আবাসিক এলাকাগুলোতে হামলার জন্য উভয়পক্ষই একে অপরকে দোষারোপ করছে।
আলেপ্পোয় লড়াই বাড়তে থাকায় ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া আংশিক যুদ্ধবিরতি ভেস্তে গেছে। ভেঙে পড়েছে জাতিসংঘ-পরিচালিত শান্তি আলোচনাও।
