বুরুন্ডিতে গুলিতে জেনারেল ও তার স্ত্রী নিহত
বুরুন্ডির রাজধানীতে ভাইস-প্রেসিডেন্টের একজন নিরাপত্তা উপদেষ্টা তার মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় গুলিতে নিহত হয়েছেন।
বিবিসি বলছে, জেনারেল আতানাস কাহাহুজা ও তার স্ত্রী ঘটনাস্থলেই গুলিতে নিহত হন। তবে তাদের মেয়ে আহত হয়েছে।
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।
গেল এপ্রিলে দেশটির প্রেসিডেন্ট পিয়ের নুকুরুনজিজা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে সৃষ্ট সহিংসতায় চারশ’র বেশি মানুষ নিহত হন।
এই ধারাবাহিক সহিংসতায় উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারাও লক্ষ্যে পরিণত হচ্ছেন।
নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেও বিরোধীদের হত্যা এবং গণকবর দিয়ে গুম করার অভিযোগ তুলেছে অধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বুরুন্ডির এই সহিংসতার ব্যাপারে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে বলে ঘোষণা দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালত।
বুরুন্ডিতে নিয়োজিত বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, জেনারেল আতানাস কাহাহুজার হত্যাকাণ্ড প্রেসিডেন্ট নুকুরুনজিজা জন্য একটি বড় ধরনের আঘাত। কারণ এতে প্রমাণিত হচ্ছে তিনি তার কর্মকর্তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন।
এরআগে রোববার দেশটির মানবাধিকার বিষয়ক মন্ত্রী চার্চ থেকে বের হওয়ার সময় এক গ্রেনেড হামলা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
