ফিলিপিন্সে জঙ্গিদের হাতে কানাডীয় জিম্মি খুন
ফিলিপিন্সের কট্টর ইসলামপন্থি জঙ্গিরা চার মাস ধরে বন্দি করে রাখা এক কানাডীয় জিম্মিকে হত্যা করেছেন।
বিবিসি বলছে, গেল বছরের সেপ্টেম্বরে আরো তিনজনের সঙ্গে ৬৮ বছর বয়সী জন রিদসডেলকে ফিলিপিন্সের একটি অবকাশ কেন্দ্র থেকে ধরে নিয়ে গিয়েছিল স্থানীয় জঙ্গিগোষ্ঠী আবু সায়েফ।
মুক্তিপণ দেওয়া না হলে ২৫ এপ্রিলের মধ্যে চার জিম্মির মধ্যে এক পুরুষ জিম্মিকে খুন করা হবে বলে হুমকি দিয়েছিল জঙ্গিগোষ্ঠীটি।
এ হত্যার কথা নিশ্চিত করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ত্রুদো এ ঘটনাকে ‘ঠাণ্ডা মাথায় খুন’ বলে বর্ণনা করেছেন। এ হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করে অন্য জিম্মিদের নিরাপত্তার বিষয়ে তিনি কোনো সমঝোতা করবেন না বলে জানিয়েছেন।
ফিলিপিন্সের দাভাও শহরের কাছের একটি অবকাশ কেন্দ্রের জেটি থেকে রিদসডেলকে অপর দুই পশ্চিমা নাগরিক কানাডীয় রবার্ট হল, নরওয়েজীয় কজর্তান সেকিনস্তাদ এবং ফিলিপিনো নাগরিক হলের বান্ধবী মারিতেস ফ্লোরসহ ধরে নিয়ে যাওয়া হয়।
তাদের সেখান থেকে ৫০০ কিলোমিটার দূরের জোলো দ্বীপে নিয়ে যাওয়া হয়। নভেম্বরে জিম্মিদের ভিডিও প্রকাশ করে আবু সায়েফ তাদের মুক্তিপণ হিসেবে আট কোটি ডলার দাবি করে।
পরে রিদসডেল জানান, কোনো মুক্তিপণ দেওয়া না হলে তাকে খুন করা হতে পারে।
২৫ এপ্রিলের চূড়ান্ত সময়সীমা পার হওয়ার কয়েক ঘণ্টা পর জোলোর একটি রাস্তায় ধড় থেকে বিচ্ছিন্ন একটি মাথা পাওয়া যায়। কাটা মাথাটি একজন বিদেশির বলে নিশ্চিত করেছে ফিলিপাইনি কর্তৃপক্ষ। তবে আনুষ্ঠানিকভাবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি।
সাবেক মাইনিং (খনি) নির্বাহী রিদসডেলকে ‘আধা-অবসরপ্রাপ্ত’ বলে বর্ণনা করেছে কানাডীয় গণমাধ্যমগুলো। এক সময় সাংবাদিক হিসেবেও কাজ করেছেন তিনি।
১৯৯০ এর দশকে আল কায়েদার অর্থায়নে আবু সায়েফ গঠিত হয়। ফিলিপিন্সের ভূখণ্ডে একটি স্বাধীন ইসলামিক প্রদেশ গঠন করার লক্ষ্যে লড়াই করছে গোষ্ঠীটি।
সম্প্রতি এর একজন কমান্ডার তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) আনুগত্য স্বীকার করেছেন। আরো বেশ কয়েকজন বিদেশিকে জিম্মি করে রেখেছে গোষ্ঠীটি।
চলতি মাসের প্রথমদিকে জোলোর কাছে বাসিলান দ্বীপে এই গোষ্ঠীটির সঙ্গে লড়াইয়ে ফিলিপিন্সের সেনাবাহিনীর ১৮ জন সেনা নিহত হয়েছিলেন।
