দিল্লিতে পুড়ল জাদুঘর
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি জাদুঘর পুড়ে গেছে।
বিবিসি বলছে, মঙ্গলবার প্রকৃতি ও প্রাণীর ইতিহাস বিষয়ক আটতলা বিশিষ্ট জাতীয় জাদুঘরটির সর্বোচ্চ তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত সেই আগুন সবগুলো তলায় ছড়িয়ে পড়ে।
৩০টিরও বেশি অগ্নিনির্বাপন যন্ত্রের সাহায্যে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ছয় দমকলকর্মী আহত হন।
শহরের কেন্দ্রস্থলে ৩৮ বছরের পুরানো এই জাদুঘরে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
একজন দমকলকর্মী এনডিটিভিকে বলেন, “অগ্নি নিরপত্তা কৌশল কাজ করেনি।”
তিনি আরও বলেন, “এ কারণেই আগুন নিয়ন্ত্রণে আমাদের অনেক বেশি সময় লেগেছে।”
জাদুঘরটিতে ব্যাকটেরিয়ার নমুনা, সংরক্ষিত প্রজাপতি এবং বিভিন্ন প্রাণীর নমুনা সংরক্ষিত ছিল।
জাদুঘরটি স্কুলের শিশুদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বন্যপ্রাণীদের জীবন এবং বাস্তুসংস্থান বিষয়ে জাদুঘরটিতে চলচিত্রও প্রদর্শিত হয়।
