২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিশংসন ভোটের পরও অনঢ় ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ তার বিরুদ্ধে পার্লামেন্টে অভিশংসন ভোটের  পরও পদত্যাগ না করায় অটল রয়েছেন এবং অভিশংসন প্রক্রিয়া অন্যায় আখ্যা দিয়ে এর বিরুদ্ধে লড়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 10:43 PM

Updated : 12 Apr 2022, 01:52 AM

গত রোববার ব্রাজিলের কংগ্রেসনাল কমিটি রৌসেফের অভিশংসনের পক্ষে ভোট দেয়।

প্রেসিডেন্ট প্রাসাদে এক সংবাদ সম্মেলনে রৌসেফ ওই প্রক্রিয়া সম্পর্কে বার বার ‘অকৃতজ্ঞতা’, ‘অন্যায়’ ও ‘ভুল’ শব্দগুলো ব্যবহার করেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট থাকাকালে তিনি অবৈধ কোনো কাজ করেননি এবং তিনি তার রাজনৈতিক শত্রুদের ‘ষড়যন্ত্রের’ শিকার।

 তিনি বলেন, “আজ একটি কথাই আমার সবচেয়ে বেশি মনে হচ্ছে, সেটি হল ভুল। ভুল কারণ, এই (অভিশংসন) প্রক্রিয়ার কোনো আইনি ভিত্তি নেই।”

“আমি কাপুরুষের মত সরে যাব না। এর মাধ্যমে আমি নিজেকে অসাঢ় হয়ে পড়তে দেব না। এই অন্যায় মোকাবেলা করার মত শক্তি, ক্ষমতা ও সাহস আমার আছে।”

দেশে চলমান অর্থনৈতিক মন্দার জন্য দায়ী করে এবং রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানিতে দুর্নীতির অভিযোগ এনে গত বছরের শেষ ভাগে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে রৌসেফের অভিশংসন দাবি করে।

বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল ও জ্বালানি কোম্পানি পেট্রব্রাসে ঘুষ ও দুর্নীতির যে অভিযোগ উত্থাপিত হয়েছে তাতে রৌসেফ সরাসরি জড়িত না হলেও তার অজ্ঞাতসারে কিছু ঘটেনি।

কারণ যে সময়ে এসব কর্মকাণ্ড ঘটেছে সেই সময়ে প্রেসিডেন্টের পদাধিকার বলে রৌসেফ ওই কোম্পানির প্রধান ছিলেন।

যদিও রৌসেফের দাবি, “আমার বিরুদ্ধে ঘুষ নেওয়ার কোনও অভিযোগ নেই। আমার বিরুদ্ধে অবৈধ লেনদেনেরও কোনো অভিযোগ নেই। এমনকি আমার বিরুদ্ধে বিদেশে একাউন্ট থাকারও কোনো অভিযোগ নেই।”

“এটি অন্যায়। যারা আমার বিরুদ্ধে এইসব অভিযোগ আনছে তাদের নেতাদের বিরুদ্ধেই অবৈধ লেনদেনে জড়িত থাকার অভিযোগ আছে। এ কারণে আমার কাছে সব ভুল মনে হচ্ছে।”