জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩২
জাপানে এক দিনের ব্যবধানে দ্বিতীয় দফা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও প্রায় দুইশ মানুষ।
শনিবার প্রথম প্রহরে কুমামতো প্রদেশে ৭ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প হয়।
স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা বলেন, রাত ১টা ২৫ মিনিটে ভূমিকম্প শুরু হয়। ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে। রাস্তাঘাটও ভেঙে গেছে।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কুমামতো শহরের মাইশিতে। ভূমিকম্পের পর থেকে বিদ্যুৎ ও গ্যাসবিহীন হয়ে পড়েছে ওই অঞ্চল।
বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে এবং কাদার মধ্যে এখনও অনেকে আটকা পড়ে আছে বলে ধারণা উদ্ধারকর্মীদের।
সময়ের সঙ্গে সঙ্গে তাদের বেঁচে থাকার সম্ভাবনাও কমে যাচ্ছে। ভূমিকম্প দুর্গত এলাকায় বিমান ও ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এই পরিস্থিতিকে ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্পের পর সবচেয়ে দুর্যোগপূর্ণ বলছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
ভূমিকম্প হয়েছে কুমামতো প্রদেশে
শুক্রবার রাতের ভূমিকম্প নিয়ে টোকিও বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, “আমি প্রথমে খুব জোরে ঝাঁকুনি খাই। এর পর আমার মনে হয় কেউ যেন আমাকে ওয়াশিং মেশিনে নিক্ষেপ করেছে।”
“সবগুলো বাতি নিভে যায়। আমি খুব জোরে শব্দ শুনতে পাই। অনেকগুলো গ্যাস লাইন ফেটে গ্যাস বেরোতে শুরু করে। যদিও তখন কোথাও আগুন জ্বলছিল না। এর পরও আমি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম।”
জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সি ৩২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়, আরও ১৯০ জন গুরুতর আহত হয়েছে।
শনিবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কুমামতো প্রদেশ থেকে মাত্র ১ কিলোমিটার দূরে, মাটির ১০ কিলোমিটার গভীরে।
এতে কেঁপে ওঠে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই প্রদেশ ছাড়াও পাশের ফুকাওকা, কুরমি, কিকচি এলাকা।
ভূমিকম্পের উৎসস্থলের ১২০ কিলোমিটারের মধ্যে কিয়েশু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। একই এলাকার মধ্যে রয়েছে সেন্দাই পারমাণবিক কেন্দ্র।
ভূমিকম্পের ১০ মিনিট পর ৫ দশমিক ৭ মাত্রার আরেকটি পরাঘাত অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
ভূমিকম্পের পর অনেক মানুষ রাতভর খোলা আকাশের নিচে অবস্থান করে।
একটি আশ্রয় কেন্দ্রে ভূমিকম্প দুর্গতরা
প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, “এটি নিঃসন্দেহে ২০১১ সালের পর বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ। ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।”
ভূমিকম্পদুর্গত এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করে প্রায় ৭০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া কুমামতো বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ করেছে ট্রেন চলাচলও।
ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া অধিদপ্তর শনিবার ভোর পর্যন্ত সুনামি সর্তকতা জারি করলেও পরে তা প্রত্যাহার করে নেয়।
২০১১ সালের ১১ মার্চ রিকটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পে লণ্ডভন্ড হয়ে যায় জাপানের উত্তরপূর্বের উপকূলীয় অঞ্চল। ভূমিকম্প ও তৎপরবর্তী সুনামিতে দেশটির প্রায় ১৬ হাজার মানুষ নিহত ও ৩ হাজার ৩০০ জন নিখোঁজ হয়।
