২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বসন্তকালীন হামলা’ শুরুর ঘোষণা আফগান তালেবানের

'বসন্তকালীন হামলা' শুরুর ঘোষণা দিয়েছে আফগানিস্তানের তালেবান জঙ্গিরা। আফগানিস্তানজুড়ে বিভিন্ন সরকারি স্থাপনায় ব্যাপক মাত্রায় এ হামলা চলবে বলে জানিয়েছে তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 08:21 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

আত্মঘাতী হামলাসহ গেরিলা হামলার মধ্য দিয়ে পশ্চিমা সমর্থিত আফগান সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করাই তাদের এ অভিযানের লক্ষ্য। প্রয়াত তালেবান নেতা মোল্লা ওমরের নামে অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ওমরি’।

তালেবানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “আক্রমণকারী ও দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে জিহাদ আমাদের পবিত্র দায়িত্ব। ইসলামী খেলাফত প্রতিষ্ঠা ও আমাদের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য এটিই আমাদের একমাত্র উপায়।”

এ ঘোষণার কয়েক ঘণ্টা আগে আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে মার্কিন নাগরিকদের সতর্ক করে বলা হয়, তালেবান জঙ্গিরা কাবুলের একটি বড় হোটেলে হামলার পরিকল্পনা করেছে বলে তারা খবর পেয়েছে।

২০০১ সালে যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনীর অভিযানে আফগানিস্তানের ক্ষমতা থেকে তালেবানকে উৎখাত করা হয়। ২০১৪ সালে দেশটি থেকে আন্তর্জাতিক বাহিনী সরিয়ে নেওয়া হলে আবারো তালেবান জঙ্গিরা শক্তি অর্জন করতে শুরু করে।

তালেবান তাদের নিয়ন্ত্রিত এলাকায় ভাল সরকার গঠন করবে এবং বেসরকারি নাগরিক হতাহতের ঘটনাসহ অবকাঠামোর ক্ষতি ঠেকাবে বলেও জানানো হয় তালেবানের ওই বিবৃতিতে ।

শীত মৌসুমে আফগান পাহাড়গুলো বরফে ঢাকা পড়ে এবং অনেক গুপ্তপথ বন্ধ হয়ে যায়। তাই ওই সময় তালেবান হামলা অনেকটা কম থাকে। কিন্তু বসন্ত ও গ্রীষ্মকালে ফের হামলার হার বেড়ে যায়।