রৌসেফের অভিশংসনের পক্ষে ভোট ব্রাজিলের কংগ্রেসনাল কমিটির
ব্রাজিলের কংগ্রেসনাল কমিটি দেশটির প্রেসিডেন্ট দিলমা রৌসেফের অভিশংসনের পক্ষে ভোট দিয়ে দিয়েছে।
বিবিসি বলছে, এতে অভিশংসন এড়ানোর চেষ্টারত রৌসেফের প্রত্যাশা বড় ধরনের ধাক্কা খেয়েছে।
ব্রাজিলের ক্রমবর্ধমান বাজেট ঘাটতি লুকাতে প্রেসিডেন্ট রৌসেফ সরকারি হিসাব প্রভাবিত করেছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগে প্রেসিডেন্টকে অভিশংসনের মুখোমুখি করতে চান দেশটির কংগ্রেসের বিরোধীদলীয় সদস্যরা।
কংগ্রেসের নিম্নকক্ষে অভিশংসনের বিষয়ে ভোটাভুটির আগে প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে কতোটা সমর্থন আছে তা যাচাই করতে কংগ্রেসনাল কমিটির সদস্যদের মধ্যে ভোটাভুটি হয়। কমিটির ৬৫ সদস্যের মধ্যে ৩৮ জন অভিশংসনের পক্ষে ভোট দেন। বিপক্ষে ২৭ ভোট পড়ে।
অনেকটা প্রতিকী হলেও এই ভোট গ্রহণের সময় রৌসেফের সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি স্লোগানে পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পরেছিল।
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের সমর্থনে রিও দে জেনেরিওতে সমাবেশ করে লাখো মানুষ। ছবি: রয়টার্স
