পাঠানকোটে হামলা ভারতের নাটক: পাকিস্তানি পত্রিকা
ভারতের পাঠানকোটে বিমান ঘাঁটিতে চালানো সন্ত্রাসী হামলা ছিল ‘নাটক’ এবং ‘উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার’ জন্য এটি করা হয়েছে বলে এক তদন্ত কর্মকর্তার বরাতে দাবি করেছে পাকিস্তানি একটি সংবাদপত্র।
মঙ্গলবার পাকিস্তানি সংবাদপত্র পাকিস্তান টুডের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।
চলতি বছরের ২ জানুয়ারি পাকিস্তান সীমান্তবর্তী ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় সাত ভারতীয় সেনা ও হামলাকারী ছয় জঙ্গি নিহত হন। জঙ্গিরা ভারতীয় সেনাদের পোশাক পরে বিমান ঘাঁটিতে হামলা চালায়।
যদিও পরে এক ডজনেরও বেশি জঙ্গি সংগঠন (যেগুলো কাশ্মীরে ভারতের শাসনের বিরোধিতা করে আসছে) নিয়ে গঠিত ‘দি ইউনাইটেড জিহাদ কাউন্সিল’ এ হামলার দায় স্বীকার করে, কিন্তু পাকিস্তান-ভিত্তিক সংগঠন জইশ-ই-মোহাম্মদ এ হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলে ভারত।
মার্চে পাকিস্তানের একটি যৌথ তদন্ত দল (জেআইটি) ওই সন্ত্রাসী হামলার তদন্তে ভারত সফর করে। ২৭ মার্চ তারা হামলাস্থল পাঠানকোট বিমানটি ঘাঁটিও পরিদর্শন করে। পাঁচ সদস্যদের এ দলে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-র এক কর্মকর্তাও ছিলেন।
তারা ভারতের রাজধানী নয়া দিল্লিতে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) সঙ্গেও বৈঠক করে।
আগামী কয়েকদিনের মধ্যে জে্আইটির প্রতিবেদন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান টুডে।
ওই তদন্তদলের দেওয়া প্রতিবেদনে সন্ত্রাসী হামলা ঘটনাটিকে ‘ভারতের সাজানো’ বলা হয়েছে বলে জেআইটির এক সদস্যের বরাতে দাবি করেছে সংবাদপত্রটি।
পাকিস্তানি ওই সংবাদপত্রে জেআইটির ওই সদস্যের উদ্ধৃতি বলে প্রকাশিত বক্তব্যে বলা হয়, “হামলাকারীদের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে আগাম তথ্য ছিল।”
জেআইটির প্রতিবেদনে ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তানি কর্মকর্তাদের তদন্তে সহযোগিতা করেনি বলে বলা হয়েছে বলে জানিয়েছে সংবাদপত্রটি। ‘তদন্তে সহযোগিতার বদলে বাধা তৈরি করে’ বলে প্রতিবেদনে বলা হয়েছে।
“প্রতিবেদনে ভারতের দাবির সত্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। হামলার পর জঙ্গিদের সঙ্গে ভারতীয় বাহিনীর কতো সময় ধরে গোলাগুলি হয়েছে তা নিয়েও ভারতীয় দাবির সঙ্গে দ্বিমত পোষণ করা হয়েছে।
হামলা কয়েক ঘন্টার মধ্যেই ভারতীয় সেনাবাহিনী ও কথিত হামলাকারীদের এনকাউন্টার শেষ হয়েছে বলে দাবি করে প্রতিবেদনে জেআইটি বলেছে, তাদের তদন্তে এটি পরিষ্কার হয়েছে পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করার জন্য হামলাটি সাজানো হয়েছে এবং পাকিস্তান সন্ত্রাসের সঙ্গে যুক্ত, বিশ্ব সম্প্রদায়ের কাছে এটি তুলে ধরার উদ্দেশ্যেই এমনটি করা হয়েছে,” জেআইটির ওই সদস্যের বরাতে জানায় সংবাদপত্রটি।
জেআইটির প্রতিবেদনে হামলাকারীরা পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেছিল, ভারতীয় কর্তৃপক্ষ এটি ‘প্রমাণ করতেও ব্যর্থ হয়েছে’ বলেও দাবি করা হয়েছে, বলে জানিয়েছে পাকিস্তান টুডে।
“হামলার কয়েক ঘণ্টার মধ্যেই সব হামলাকারী নিহত হলেও বিশ্বের মনযোগ আকর্ষণের জন্য এটিকে তিনদিনের নাটকে পরিণত করা হয়েছে,” জেআইটির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে বলে দাবি করেছে সংবাদপত্রটি।
পাকিস্তান টুডের প্রতিবেদনে উত্তর প্রদেশে এনআইএ-র কর্মকর্তা নিহত হওয়ার খবরটিও তুলে ধরা হয়।
জেআইটির ওই সদস্যের বক্তব্য বলে কথিত উদ্ধৃতিতে বলা হয়, “পাঠানকোট হামলার তদন্তকারী এক মুসলিম কর্মকর্তার নৃশংস খুনই প্রমাণ করে ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টি চেপে রাখতে চায়।”
উত্তর প্রদেশে আততায়ীর গুলিতে নিহত এনআইএ কর্মকর্তা ডিএসপি তানজিল পাঠানকোট হামলার তদন্তের সঙ্গে জড়িত ছিলেন না বলে এনআইএ-র বরাতে জানিয়েছে এনডিটিভি।
