২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিস থেকে তুরস্কে ফেরত গেছে শরণার্থীরা

ইউরোপমুখী শরণার্থীদের ঢল নিয়ন্ত্রণে তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় গ্রিস থেকে পাঠানো শরণার্থীদের প্রথম নৌকাটি তুরস্কে পৌঁছেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 09:17 PM

Updated : 12 Apr 2022, 01:46 AM

গ্রিক দ্বীপ লেসবস থেকে পাঠানো ১৩৬ জন শরণার্থী, যাদের অধিকাংশই পাকিস্তানি, সোমবার তুরস্কের পশ্চিমের শহর দিকিলিতে পৌঁছেন। দলটিতে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মরক্কোর নাগরিকরাও রয়েছে।

ইইউ-তুরস্ক চুক্তি অনুযায়ী, গ্রিসে অবৈধভাবে প্রবেশ করা সিরীয়সহ অন্যান্য শরণার্থীকে তুরস্ক ফেরত নেবে। এর বিনিময়ে  ইইউ তুরস্কের বৈধভাবে আবেদন করা সিরীয় শরণার্থীদেরকে  ইউরোপে পুনর্বাসন করবে এবং তুরস্ককে অর্থ সহায়তাও করবে।

চুক্তির আওতায় ১৬ জন সিরীয় শরণার্থীর প্রথম দলটি তুরস্ক থেকে জার্মানি পৌঁছেছে। যদিও গ্রিস থেকে পাঠানো প্রথম দলটিতে কোনো সিরীয় নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তুরস্কের ইইউ সম্পর্ক বিষয়ক মন্ত্রী ভলকান বজকির বলেন, গ্রিস থেকে কোনো সিরীয়কে তুরস্কে পাঠানো হয়নি।

গ্রিসের চিওস দ্বীপ থেকে শরণার্থী বোঝাই আরও একটি ফেরি তুরস্কে রওনা হয়েছে। ইইউ-তুরস্ক চুক্তি নিয়ে সারা বিশ্বে সমালোচনা হচ্ছে। বিশেষ করে মানবাধিকার সংগঠনগুলো চুক্তিটির ব্যাপক সমালোচনা করছে। চুক্তির বাস্তবায়ন নিয়েও অনেক প্রশ্ন আছে।

তবে প্রথম দলের ফেরত পাঠানোর প্রক্রিয়া সুশৃঙ্খলভাবেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইইউ বর্ডার এজেন্সি ফ্রনটেক্সের মুখপাত্র এওয়া মনকুরে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার কর্মীদের একটি ছোট দল লেসবসে বিক্ষোভ করেছে। তারা ‘বিতাড়িত করো না’ ‘ইইউ তোমার জন্য লজ্জা’ বলে স্লোগান দেয়।

আর দিকিলিতে বিক্ষোভকারীদের হাতে ‘বিতাড়ন বন্ধ কর, সীমান্ত খুলে দাও’ লেখা ব্যানার ছিল।