পাকিস্তানে বন্যায় ৫৫ জনের প্রাণহানি
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে।
শনিবার থেকে শুরু হওয়া প্রচণ্ড বৃষ্টিতে কাশ্মির, গিলগিট-বালতিস্তান এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কিছু অংশে বন্যা দেখা দেয়।
প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকার লোকজনকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।
বর্ষা মৌসুম শুরুর আগেই প্রচণ্ড এ বৃষ্টিপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রামাঞ্চলের মানুষরা।
ছবিতে দেখা যায়, বন্যায় ঘরবাড়ি ও দোকানপাট ডুবে গেছে। ধ্বংস হয়েছে ১৫০ টি বাড়ি। বিভিন্ন সেতুর উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
উত্তর সোয়াত ভ্যালির বাসিন্দা হাবিব খান স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে বলেন, “সরকারের পক্ষ থেকে কেউ আমাদের সাহায্য করতে এগিয়ে আসেনি। আমাদের স্বজনরাই আমাদের সাহায্য করেছে।”
প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দুর্গত এলাকায় ত্রাণ ও তাঁবু পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া কয়েকশ’ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।”
