২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে বোমা হামলায় নিহত ১   

সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণে আল দিলাম শহরে একটি থানার পাশে পেতে রাখা ঘরে তৈরি বোমার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Apr 2016, 02:38 PM

Updated : 12 Apr 2022, 01:46 AM

রোববার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে। 

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শনিবার রাতের ওই হামলায় এক বিদেশি নাগরিক নিহত ও পুলিশের অন্ততপক্ষে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি এবং কারা হামলাটি চালিয়েছে সে সম্পর্কেও কিছু বলা হয়নি।

ইসলামিক স্টেটের (আইএস) আনুগত্য স্বীকার করা সৌদি আরবের নেজদ প্রদেশের একটি গোষ্ঠী যারা নিজেদের আইএসের শাখা বলে দাবি করেছে, তারা এই হামলার দায় স্বীকার করেছে।

রোববার সকালে এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, তারা থানাটিতে দুটি বিস্ফোরণ ঘটিয়ে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু কোনো হতাহতের কথা তারা উল্লেখ করেনি। 

গেল বছর থেকে সৌদি আরব বেশ কয়েকটি প্রাণঘাতী গুলিবর্ষণ ও বোমা হামলার শিকার হয়েছে। এগুলোর অনেকগুলোর দায় আইএস স্বীকার করেছে।

পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর বাদশাহি শাসনের তীব্র বিরোধী আইএস। আরব উপদ্বীপে সম্প্রদায়গত সংঘাত শুরু করার চেষ্টারত গোষ্ঠীটি শাসক বাদশা পরিবারগুলোকে উৎখাত করতে চায়।