২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আংশিক চালু হল ব্রাসেলসের ইয়াবেনতেম বিমানবন্দর

সন্ত্রাসী হামলার পর বন্ধ করে দেওয়া বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ইয়াবেনতেম বিমানবন্দর আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 03:28 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

অবশ্য, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিমানবন্দরটিতে বিমান উঠা-নামা বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে।

২২ মার্চ ইয়াবেনতেম বিমানবন্দর ও ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয়ের কাছে মালবিক মেট্রো স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় ৩২ জন নিহত এবং প্রায় ২৭০ জন আহত হয়।

আর এরপরই বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ  হামলার দায় স্বীকার করে।

প্যারিস হামলার মূল সন্দেহভাজন সালেহ আব্দেস্লামকে গ্রেফতারের চারদিন পর এ হামলা হয়।

Image
ব্রাসেলসে বিমানবন্দরে আত্মঘাতী হামলা চালানো সন্দেহভাজন দুইভাই (কালো পোশাক পরিহিত) ও তাদের সন্দেহভাজন সহযোগী। সন্দেহভাজন ওই সহযোগীকে এখনো খুঁজছে পুলিশ।  ছবি: রয়টার্স

ব্রাসেলসে বিমানবন্দরে আত্মঘাতী হামলা চালানো সন্দেহভাজন দুইভাই (কালো পোশাক পরিহিত) ও তাদের সন্দেহভাজন সহযোগী। সন্দেহভাজন ওই সহযোগীকে এখনো খুঁজছে পুলিশ।  ছবি: রয়টার্স

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিমানবন্দর পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছে, বহির্গমন এলাকায় সাধারণ সামর্থে্যর তুলনায় ২০ শতাংশ কাজ হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “কৌশলগতভাবে বিমানবন্দরটি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার জন্য  উপযোগী করা হয়েছে, কিন্তু এরপরও কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো তারিখ নির্ধারণ করেনি। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যাত্রীবাহী কোনো বিমান এই বিমানবন্দর দিয়ে চলাচল করবে না।”

বিবৃতিতে বলা হয়েছে, অস্থায়ীভাবে এই বিমানবন্দরটি দিয়ে প্রতিঘণ্টায় ৮০০ যাত্রী যেতে পারবে যা সাধারণ সক্ষমতার তুলনায় অনেক কম।

মালামাল নেওয়ার স্থান এবং যাত্রীদের যাওয়া-আসার স্থানটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেসব মেরামত করে ব্যবহারের উপযোগী করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিমানবন্দর চালুর বিষয়টি নির্ভর করছে আনুষ্ঠানিক রাজনৈতিক সিদ্ধান্তের উপর।

তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আইএস-র যে অংশটি গেল বছরের নভেম্বরে প্যারিসে হামলা চালিয়েছিল তারাই ব্রাসেলসে হামলা চালিয়েছে।

গেল নভেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলায় ১৩০ জন নিহত হয়।